নিউজ ব্যুরো, ৩০ জুন ২০২৬: মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির কয়েক ঘণ্টার মধ্যেই নওদার বিধায়ক হুমায়ুন কবীরের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল পুলিশ।
উস্কানিমূলক মন্তব্য ও হুমকির অভিযোগে আম জনতা উন্নয়ন পার্টির (AJUP) বিধায়ক হুমায়ুন কবীরের বাড়িতে নোটিস পাঠাল পুলিশ। রেজিনগর ও শক্তিপুর থানার পুলিশ তাঁকে তলব করেছে। আগামী ৩ জুলাই শক্তিপুর থানায় এবং ৪ জুলাই রেজিনগর থানায় তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে।
জানা গিয়েছে, একের পর এক কর্মিসভা থেকে হুমায়ুন কবীরের বিতর্কিত ও উস্কানিমূলক মন্তব্যের পরিপ্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে জোড়া এফআইআর দায়ের করা হয়েছিল। এর ভিত্তিতে ইতিমধ্যেই আম জনতা উন্নয়ন পার্টির তিন নেতা ও কর্মীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার কাশীপুরের সভা থেকে হুমায়ুন কবীরের করা মন্তব্যের জেরে কাশীপুরের AJUP অঞ্চল সভাপতি গোলাম মোস্তাফা এবং সভার আবেদনকারী AJUP কর্মী আমিনুল হককে গ্রেফতার করা হয়।
অন্যদিকে, গত ৮ মে শক্তিপুরের কর্মিসভা থেকে হুমায়ুন কবীরের মন্তব্যের পরিপ্রেক্ষিতে সভার উদ্যোক্তা ও রেজিনগর পশ্চিমের AJUP ব্লক সভাপতি আনিসুর রহমানকে শক্তিপুর থানার পুলিশ বহরমপুর থেকে গ্রেফতার করেছে। ধৃতদের আজ বহরমপুর আদালতে তোলা হবে। মুখ্যমন্ত্রীর ‘স্যাঁটা ভাঙা মার’ মন্তব্যের হুঁশিয়ারির পরই এই দ্রুত পুলিশি পদক্ষেপ রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।








