ব্যুরো নিউজ, ৩০ অক্টোবর ২০২৬: ইছামতি নদীতে স্নান করতে নেমে নিখোঁজ হয়ে গেলেন এক বৃদ্ধ।
বৃহস্পতিবার দুপুরে গাইঘাটা থানার গর্জিলা গ্রামের বাসিন্দা ৬২ বছর বয়সী নুর আলি মণ্ডল বসিরহাটের স্বরূপনগর ও গাইঘাটা থানার সীমান্তবর্তী ইছামতি নদীতে স্নান করতে নামেন। এরপরই হঠাৎ করে নদীর গভীর জলে তলিয়ে যান তিনি। স্থানীয়রা দ্রুত স্বরূপনগর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। স্থানীয় বাসিন্দারাও নিজেদের উদ্যোগে নদীতে নেমে ওই বৃদ্ধকে খুঁজতে শুরু করেন। কিন্তু দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পরও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
ঘটনাকে কেন্দ্র করে ইছামতি নদী সংলগ্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নদীর একদিকে উত্তর ২৪ পরগণার বনগাঁ মহকুমার গাইঘাটা থানা এবং অন্যদিকে বসিরহাটের স্বরূপনগর থানা আছে। গত বছর থেকেই ইছামতি নদীর সংস্কারের কাজ শুরু হয়েছে। সুবিদপুর গ্রাম সংলগ্ন এলাকায় নদীর গভীরতা বেশি হওয়ার জন্যই এই দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান করা হচ্ছে।
বৃহস্পতিবার রাতে বসিরহাট থেকে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের (ডিএমজি) সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছন। তাঁরা অত্যাধুনিক সরঞ্জাম নিয়ে বৃদ্ধের তল্লাশি শুরু করেছেন।








