ব্যুরো নিউজ, ২৮ অক্টোবর ২০২৬: কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার পর ‘মাস আর্ট’ নিজেদের ইউনেস্কোর সঙ্গে যুক্ত বা অনুমোদিত সংস্থা হিসেবে প্রচার করে। শহরের ২৪টি বাছাই করা পুজো মণ্ডপে ‘প্রিভিউ শো’ দেখার জন্য ১ হাজার ৭৪৯ টাকা থেকে ৫ হাজার ৪৯৯ টাকা পর্যন্ত দামে সাধারণ মানুষের কাছে টিকিট বিক্রি করা হয়। এই বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ এবং ইউনেস্কোর নাম অপব্যবহারের অভিযোগেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।
বুধবার দুপুরে তিনি সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে পৌঁছোন। তবে তাঁর আগের হাজিরাগুলির তুলনায় আজকের পরিস্থিতি ছিল ভিন্ন। সিজিও কমপ্লেক্সের ভিতরে ও বাইরে পুলিশি নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। দুর্গাপুজোর পাস বিক্রি করে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগে ইন্দ্রনীল, তাঁর স্ত্রী এবং তাঁদের সংস্থা ‘মাস আর্ট’-এর নাম জড়িয়েছে। অভিযোগের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে ইউনেস্কোর হেরিটেজ তকমা পাওয়ার পর দুর্গাপুজোর ঐতিহ্যবাহী ‘প্রিভিউ শো’-র নাম করে সাধারণ মানুষ ও দর্শনার্থীদের কাছ থেকে বেআইনিভাবে বিপুল অঙ্কের টাকা আদায়। ইউনেস্কোর নাম অপব্যবহার করে উৎসবের ভিআইপি পাস ও টিকিট চড়া দামে বিক্রি করার গুরুতর অভিযোগ উঠেছে ইন্দ্রনীলের বিরুদ্ধে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দাবি করেছে, ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে ইউনেস্কোর অনুমোদিত সংস্থা হিসেবে মাস আর্টের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল টাকা তোলা হয়, যা পরবর্তীতে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা হয়েছে। এই মামলায় কলকাতা হাইকোর্ট ইন্দ্রনীলের আগাম জামিনের আর্জি খারিজ করে দিয়েছে।








