রোগীর পরিজনদের স্বস্তি! ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চালু হল বিশেষ ‘রাত্রি নিবাস’

ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগীর পরিজনদের জন্য চালু হল বিশেষ রাত্রি নিবাস। এবার থেকে খোলা আকাশের নিচে নয়, মিলবে নিরাপদ আশ্রয়।

Share:

ব্যুরো নিউজ, ১২ নভেম্বর ২০২৬: ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এবার থেকে রোগীর আত্মীয় পরিজনদের আর খোলা আকাশের নিচে রাত কাটাতে হবে না। মশা-মাছির উপদ্রব এবং ঝড়-বৃষ্টির কষ্ট থেকে মুক্তি দিতে তিনতলা কোভিড ভবনকে নতুন রূপে সাজিয়ে তৈরি করা হয়েছে ‘রাত্রি নিবাস’। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সদস্য তথা বিনপুরের বিধায়ক চিকিৎসক প্রণত টুডু। নতুন এই আবাসনটিতে একসঙ্গে প্রায় ১০০ জন মহিলা ও পুরুষ থাকতে পারবেন। হাসপাতালের পরিকাঠামো ও পরিষেবা নিয়ে একাধিক অভিযোগের পর এদিন পরিদর্শনে আসেন বিধায়ক প্রণত টুডু।

অপরিচ্ছন্ন পরিবেশ দেখে তিনি বিরক্তি প্রকাশ করেন এবং দ্রুত পরিচ্ছন্নতার নির্দেশ দেন। পরিদর্শনের সময় তিনি লক্ষ্য করেন, দূরদূরান্ত থেকে আসা রোগীর আত্মীয়রা হাসপাতালের সিসিইউ বিভাগের সামনে খোলা ও অস্বাস্থ্যকর পরিবেশে রাত কাটান, যা অত্যন্ত কষ্টকর। বিশেষ করে মহিলা ও বয়স্কদের জন্য এই পরিস্থিতি ছিল দুর্বিষহ। দীর্ঘদিনের এই দুর্ভোগের কথা মাথায় রেখেই কর্তৃপক্ষ এই বিশেষ উদ্যোগ নিয়েছে। রাত্রি নিবাসে পানীয় জল ও শৌচাগারের সুব্যবস্থা রাখা হয়েছে। মহিলা ও পুরুষদের জন্য আলাদা থাকার জায়গাও তৈরি করা হয়েছে। এর ফলে এখন থেকে হাসপাতালে ভর্তি রোগীর সঙ্গে আসা পরিজনরা নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে রাত কাটাতে পারবেন। বিধায়ক প্রণত টুডু বলেন, “রোগীর আত্মীয়দের এই দুর্ভোগের কথা আমরা অবগত ছিলাম। তাই এই রাত্রি নিবাস চালু করা হয়েছে। পাশাপাশি হাসপাতালের অন্যান্য সমস্যা নিয়েও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে এবং দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে।” সাধারণ মানুষ যাতে উন্নত চিকিৎসার পাশাপাশি প্রয়োজনীয় সব পরিষেবা পান, সেটাই লক্ষ্য বলে তিনি জানান।