ব্যুরো নিউজ, ৫ নভেম্বর ২০২৬: পশ্চিম মেদিনীপুরের খড়গপুর রেল স্টেশনে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। টাটা থেকে হাওড়াগামী জনশতাব্দী এক্সপ্রেসে এক যাত্রীর কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ১ কোটি ৪০ লক্ষ টাকা। এই ঘটনায় হাওড়ার বাসিন্দা রাহুল সোনি নামে এক যুবককে গ্রেফতার করেছে খড়গপুর জিআরপি। জানা গিয়েছে, জনশতাব্দী এক্সপ্রেস খড়গপুর স্টেশনের ৭ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছালে ওই যুবক ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মে দাঁড়ায়।
গোপন সূত্রে খবর পেয়ে আগে থেকেই সেখানে সতর্ক ছিল খড়গপুর জিআরপি। তারা ওই যুবককে আটক করে এবং তল্লাশি চালাতেই তার কাছ থেকে উদ্ধার হয় এই বিপুল পরিমাণ নগদ অর্থ। উদ্ধার হওয়া টাকার পরিমাণ ১ কোটি ৪০ লক্ষ টাকা বলে নিশ্চিত করেছে পুলিশ। বর্তমানে খড়গপুর স্টেশনের ৭ নম্বর প্ল্যাটফর্মেই চলছে টাকা গোনার কাজ।
এত বিপুল পরিমাণ টাকা ওই যুবক কোথা থেকে পেলেন এবং কোথায় নিয়ে যাচ্ছিলেন, তা নিয়ে পুলিশি জেরায় মুখ খোলেনি। ঘটনার তদন্ত শুরু করেছে খড়গপুর জিআরপি। এই ঘটনায় রেল যাত্রীদের মধ্যে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ আরও খতিয়ে দেখছে এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা।









