কলকাতায় চালু হচ্ছে ওয়াটার মেট্রো, সাগরমালায় ২২,৭০০ কোটির মেগা প্রকল্প

কলকাতায় চালু হচ্ছে ওয়াটার মেট্রো পরিষেবা, সঙ্গে সাগরমালা ২ প্রকল্পে ২২,৭০০ কোটি টাকার মেগা প্রকল্প। রাজ্যের পরিবহণ ব্যবস্থায় নতুন দিগন্ত।

Share:

ব্যুরো নিউজ, ৫ জুন ২০২৬ঃ রাজ্যের পরিবহণ ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। এবার কলকাতাতেও চালু হতে চলেছে অত্যাধুনিক ওয়াটার মেট্রো পরিষেবা। এর ফলে দেশের ১৮তম শহর হিসেবে জলপথে গণপরিবহণের এই আধুনিক সুবিধা পাবে মহানগর। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই যুগান্তকারী ঘোষণা করেন। একই সঙ্গে তিনি কেন্দ্রের ‘সাগরমালা ২’ প্রকল্পের অধীনে রাজ্যে ২২,৭০০ কোটি টাকার এক বিশাল পরিকাঠামো সম্প্রসারণের মাস্টারপ্ল্যানের কথাও জানান।

মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকার ‘সাগরমালা ২’ প্রকল্পে সক্রিয়ভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী পাঁচ বছরে উপকূলীয় উন্নয়ন, মৎস্যজীবীদের পরিকাঠামো, দ্বীপ উন্নয়ন এবং অন্যান্য সামুদ্রিক উদ্যোগের উপর জোর দিয়ে এই বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করা হবে। তিনি বলেন, “আগের সরকার কেন্দ্রের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্পে অংশ না নেওয়ায় আমরা সাগরমালা ১ প্রকল্পের সুযোগ হারিয়েছিলাম। কিন্তু গতকাল প্রধানমন্ত্রী সাগরমালা ২ অনুমোদন করার পর আমরা এই প্রকল্পে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

এই প্রকল্পের অধীনে ৪৪টি নতুন জেটি তৈরি, সাগর দ্বীপের সৈকত পুনরুদ্ধার এবং সাগর মেলাকে আন্তর্জাতিক স্তরে প্রচারের পরিকল্পনাও রয়েছে। এছাড়াও, তাজপুরে গভীর সমুদ্র বন্দর প্রকল্পের বিকল্প হিসেবে নতুন জায়গার প্রস্তাব দেওয়া হয়েছে এবং আদানি পোর্টস-এর সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছে। কলকাতা বন্দর এলাকায় অবৈধ কার্যকলাপ বন্ধ করতে প্রতি মাসে সমন্বয় সভা করা হবে। রাজ্যে একটি পৃথক শিপিং ডিপার্টমেন্ট তৈরির পরিকল্পনাও রয়েছে।