আন্তর্জাতিক যোগ দিবস ২০২৬: মোদীর রেড রোড অনুষ্ঠানের আগে কলকাতায় জোড়া মামলা, আইনি জটিলতায় তিলোত্তমা

আন্তর্জাতিক যোগ দিবস ২০২৬: প্রধানমন্ত্রী মোদীর কলকাতা সফরের আগে রেড রোড বন্ধ ও সরকারি কর্মীদের যোগদানে বাধ্য করা নিয়ে হাইকোর্টে জোড়া মামলা।

Share:

ব্যুরো নিউজ, ১৭ জুন ২০২৬ঃ আন্তর্জাতিক যোগ দিবস ২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতা সফর ঘিরে তৈরি হয়েছে নজিরবিহীন আইনি জটিলতা। আগামী ২১ জুন রেড রোডে প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠান এবং তার আগের দিন গঙ্গাবক্ষে ৫০০ নৌকায় যোগাভ্যাসের বিশাল আয়োজন চলছে। তবে এই উৎসবের আবহের মধ্যেই কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে দুটি পৃথক মামলা, যা রাজ্য রাজনীতিতে নতুন বিতর্ক সৃষ্টি করেছে।

প্রথম মামলাটি দায়ের করেছে একটি আইনজীবী সংগঠন। তাদের অভিযোগ, যোগ দিবসের প্রস্তুতির জন্য কলকাতার অন্যতম ব্যস্ত রেড রোড দীর্ঘক্ষণ বন্ধ রাখায় সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। সপ্তাহের গুরুত্বপূর্ণ দিনগুলিতে এভাবে রাস্তা বন্ধ রাখা কতটা যুক্তিযুক্ত, সেই প্রশ্ন তুলে হাইকোর্টের হস্তক্ষেপ দাবি করা হয়েছে। আইনজীবীরা দ্রুত শুনানির আর্জি জানিয়েছেন। দ্বিতীয় মামলাটি সরকারি কর্মচারীদের সংগঠন কো-অর্ডিনেশন কমিটির পক্ষ থেকে।

রাজ্য সরকার গত ১৪ জুন মুখ্যসচিবের দফতর থেকে নির্দেশিকা জারি করে সমস্ত স্তরের সরকারি কর্মীদের জন্য যোগ দিবসে অংশগ্রহণ বাধ্যতামূলক করেছে। এই ‘বাধ্যতামূলক’ যোগদানের ফতোয়ার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে সংগঠনটি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। তাদের দাবি, যোগদানে স্বেচ্ছামূলক হওয়া উচিত, বাধ্যতামূলক নয়। বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলাগুলির শুনানির সম্ভাবনা রয়েছে।

আইনি জট কাটুক বা না কাটুক, রাজ্য ও কেন্দ্রের আয়ুষ মন্ত্রকের যৌথ উদ্যোগে রেড রোড ও গঙ্গাবক্ষে যোগ উৎসবের প্রস্তুতি পুরোদমে চলছে। ২০১৪ সাল থেকে রাষ্ট্রপুঞ্জের স্বীকৃতিপ্রাপ্ত এই দিবস প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন প্রান্তে উদযাপন করেন। ২০২৬ সালে তাঁর ডেস্টিনেশন কলকাতা। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উদ্দীপনা এবং জোড়া মামলার আইনি প্যাঁচ, সব মিলিয়ে যোগ দিবসের আগেই তপ্ত কলকাতার অলিন্দ।