কোটাসুরের মদনেশ্বর মন্দিরে নতুন উদ্যোগ: কমিউনিটি হল ও যাত্রীনিবাস নির্মাণ শুরু

বীরভূমের কোটাসুরের ঐতিহ্যবাহী মদনেশ্বর মন্দিরে কমিউনিটি হল ও যাত্রীনিবাস নির্মাণ শুরু। পুণ্যার্থীদের সুবিধা ও সামাজিক অনুষ্ঠানের জন্য নতুন উদ্যোগ।

Share:

ব্যুরো নিউজ, ২৯ অক্টোবর ২০২৬:  বীরভূমের ময়ূরেশ্বরের কোটাসুরে অবস্থিত ঐতিহ্যবাহী মদনেশ্বর শিব মন্দির চত্বর এবার নতুন রূপে সেজে উঠতে চলেছে। পুণ্যার্থী ও স্থানীয়দের সুবিধার কথা মাথায় রেখে মন্দিরের পশ্চিম দিকে একটি অত্যাধুনিক কমিউনিটি হল ও যাত্রীনিবাস নির্মাণের কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই এই নির্মাণ কার্যের খনন কাজ শুরু হয়। জানা গেছে, মন্দির কমিটির পক্ষ থেকে এই বিষয়ে ময়ূরেশ্বর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কৃষি মন্ত্রী দুধকুমার মন্ডলের কাছে আবেদন জানানো হয়েছিল।

সেই আবেদনে সাড়া দিয়ে মন্ত্রী সাংসদ তহবিল থেকে এই প্রকল্পের অনুমোদন দেন। বৃহস্পতিবার খনন কার্যের সূচনায় স্বয়ং কৃষি মন্ত্রী দুধকুমার মন্ডল উপস্থিত থেকে কাজের অগ্রগতি পরিদর্শন করেন। মন্ত্রীর বাড়ি থেকে মাত্র ১০০ মিটার দূরে অবস্থিত এই প্রাচীন মদনেশ্বর মন্দির বহু বছর ধরে স্থানীয় ও দূর-দূরান্তের পুণ্যার্থীদের আকর্ষণ করে আসছে। স্থানীয়দের বিশ্বাস, এই মন্দিরকে ঘিরে রয়েছে মহাভারতের নানা কিংবদন্তি। মন্দিরের কাছেই বক রাক্ষসের মালাইচাকি ও দেবী কুন্তীর বিশালাকার প্রদীপ আজও সেই ইতিহাসের সাক্ষী বহন করে। প্রায় ৬০ লক্ষ টাকা ব্যয়ে এই কমিউনিটি হল ও যাত্রীনিবাসটি নির্মিত হবে। নির্মাণ সম্পূর্ণ হলে পুণ্যার্থীরা এখানে থাকার পাশাপাশি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানও আয়োজন করতে পারবেন বলে আশা করা হচ্ছে। এই উদ্যোগ মন্দিরের ঐতিহ্যকে আরও বাড়িয়ে তুলবে বলে মনে করছেন সকলে।