এনসিপিআই সাংসদদের বিজেপিতে যোগের গুঞ্জন, কুণাল ঘোষের কটাক্ষ: ‘যত মুখ খুলছে, তত দুর্গন্ধ বেরোচ্ছে’

এনসিপিআই সাংসদদের বিজেপিতে যোগের জল্পনা নিয়ে কুণাল ঘোষের তীব্র কটাক্ষ। দলবদলুদের 'নীতিহীন' ও 'বিশ্বাসঘাতক' আখ্যা দিয়ে বললেন, 'যত মুখ খুলছে, তত দুর্গন্ধ বেরোচ্ছে'!

Share:

ব্যুরো নিউজ, ১৪ সেপ্টেম্বর ২০২৬: এনসিপিআই-তে যোগ দেওয়া ২০ জন সাংসদের মধ্যে ১৭ জনের সরাসরি বিজেপিতে যোগদানের জল্পনা প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল। এই পরিস্থিতিতে দলবদলুদের তীব্র আক্রমণ শানিয়েছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। কোচবিহারের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার এই দাবির পর কুণাল ঘোষ দলত্যাগী সাংসদদের ‘নীতিহীন’, ‘বিশ্বাসঘাতক’ ও ‘বিজেপির দালাল’ বলে অভিহিত করেন। তাঁর অভিযোগ, তৃণমূলের প্রতীকে জিতে এবং বিজেপি-বিরোধী জনমতের ওপর ভর করে এ ভাবে অন্য দলের দুয়ারে দুয়ারে ঘোরা সাধারণ মানুষের সঙ্গে চরম বেইমানি।

কুণাল ঘোষ আরও বলেন, “যেখানে ধোঁয়া বেরোচ্ছে, তার পেছনে নিশ্চয়ই শুভেন্দুর উস্কে দেওয়া আগুন রয়েছে।” তাঁর মতে, এর থেকেই দলবদলুদের নীতিহীনতা ও সুবিধাবাদী রাজনীতি স্পষ্ট। তৃণমূলের প্রতীকে জয়ী হয়ে বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে প্রাতরাশ সেরে অন্য দল গঠন এবং পুনরায় বিজেপিতে যোগ দেওয়ার এই প্রক্রিয়াকে তিনি ‘নজিরবিহীন নোংরা রাজনীতি’ বলে চিহ্নিত করেন। কুণাল কটাক্ষ করে বলেন, “দিল্লিতে ধোপার বাড়ি যাওয়া এই ২০ জন সাংসদ রাজনীতিকে আর কত নীচে নামাবেন? নীতি বা আদর্শের তো বালাই নেই! যত মুখ খুলছেন, তত দুর্গন্ধ বেরোচ্ছে।” তৃণমূল থেকে বেরিয়ে এই সাংসদদের সরাসরি বিজেপিতে যোগ না দিয়ে এনসিপিআই গঠনের নেপথ্য কারণও তুলে ধরেন কুণাল। তাঁর অভিযোগ, বিজেপি ভালো করেই জানত যে এই নীতিহীন নেতাদের সরাসরি দলে নিলে জনসমক্ষে তাদের ভাবমূর্তি নষ্ট হবে। তাই সাময়িক আশ্রয় দিতে এনসিপিআই নামে একটি ‘শেল কোম্পানি’ খুলে দেওয়া হয়েছিল। তিনি দাবি করেন, এই দিশাহীন সাংসদেরা এখন নিজেরাই জানে না তারা কোথায় দাঁড়িয়ে। দলত্যাগ বিরোধী আইনি লড়াই প্রসঙ্গে কুণাল জানান, মামলাটি আদালতে বিচারাধীন এবং মমতা বন্দ্যোপাধ্যায় ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিষয়টি দেখছেন। তবে রাজনৈতিকভাবে এই নেতাদের ভবিষ্যৎ অন্ধকার বলে তিনি মন্তব্য করেন।