ব্যুরো নিউজ, ২৬ নভেম্বর ২০২৬: হাওড়ার লিলুয়ায় বাড়ির সামনে বিজেপি নেতা মনোজ সিং ও তাঁর ছেলের উপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল রাতে বাড়ির মেন গেটের সামনে দাঁড়িয়ে থাকার সময় ২০-২৫টি বাইকে আসা প্রায় ৩০-৪০ জন তাঁদের উপর চড়াও হয় বলে অভিযোগ।
হামলাকারীদের হাতে হকি স্টিক, চপার ও আগ্নেয়াস্ত্র ছিল বলে জানিয়েছেন মনোজ। দু’জনই আহত হয়েছেন। ঘটনার পর বেলুড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। মনোজের দাবি, পুলিশ ঘটনাস্থল থেকে চারটি বাইক ও হকি স্টিক উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছে। দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে যুক্ত মনোজ ২০১৫ সাল থেকে দল করছেন। টানা ছ’বছর বালির মণ্ডল সভাপতির দায়িত্বও সামলেছেন তিনি। এই হামলার পিছনে দলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব এবং ‘নব্য বিজেপি’ কর্মীদের হাত রয়েছে বলে অভিযোগ মনোজের। তাঁর দাবি, আগে তৃণমূল করতেন এবং এলাকায় তোলাবাজির সঙ্গে যুক্ত ছিলেন, এমন কয়েকজন বিজেপিতে যোগ দিয়ে এলাকা দখলের চেষ্টা করছেন। নবীন ও জয়সওয়াল নামে দুই যুবকের নামও উল্লেখ করেছেন তিনি। ২০২১ সালেও একই বাহিনী তাঁর উপর হামলা চালিয়েছিল বলে দাবি মনোজের। পুরনো কর্মীদের গুরুত্ব না দিয়ে নতুনদের সামনে আনা হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন মনোজ। দলের শীর্ষ নেতৃত্বকে ফোন করেও সাড়া পাননি বলে তাঁর অভিযোগ। এলাকায় শান্তি বজায় রাখতে নিরপেক্ষ তদন্তের পাশাপাশি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপও চেয়েছেন তিনি। তবে দলীয় গোষ্ঠীদ্বন্দ্ব বা এলাকা দখলের অভিযোগ অস্বীকার করেছেন বালি মণ্ডল-২-এর সভাপতি রাজন সিং ওরফে জিতেন্দ্র সিং।
তাঁর বক্তব্য, ঘটনার নিন্দা করে দোষীদের গ্রেফতারের জন্য পুলিশকে জানানো হবে। মনোজের বক্তব্য অনুযায়ী, নেতা কৈলাস মিশ্রও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ঘটনার নিন্দা করেছেন এবং হামলায় তাঁর কোনও ভূমিকা নেই বলে জানিয়েছেন। বেলুড় থানার পুলিশ তদন্ত শুরু করেছে। সূত্রের খবর, অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।









