নিম্নচাপের জেরে ২ জেলায় লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে বৃষ্টির ভ্রূকুটি: আজকের আবহাওয়া

বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে উত্তরবঙ্গের ২ জেলায় লাল সতর্কতা জারি। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। জেনে নিন আজকের ও আগামীকালের বিস্তারিত আবহাওয়া।

Share:

ব্যুরো নিউজ, ১৯ জুলাই ২০২৬ঃ বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে রাজ্যের আবহাওয়ায় বড়সড় বদলের পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। বর্তমানে উত্তর ওড়িশা এবং সংলগ্ন ঝাড়খন্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে এই নিম্নচাপ। এর প্রভাবে উত্তরবঙ্গের দুই জেলা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী থেকে অত্যাধিক ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও দার্জিলিং ও কালিম্পং জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা বহাল রয়েছে। কোচবিহারে কমলা সতর্কতা এবং উত্তর দিনাজপুরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

অন্যদিকে, নিম্নচাপ থাকলেও দক্ষিণবঙ্গে এখনও ভারী বৃষ্টির দেখা নেই। যদিও ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় মাঝারি থেকে বিক্ষিপ্ত পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৌসুমি অক্ষরেখাটি বর্তমানে অমৃতসর, করর্ণাল, হারদোই, রাঁচি ও দিঘার ওপর দিয়ে অতিক্রম করে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে বিস্তৃত। এর পাশাপাশি উত্তর বিহার থেকে ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়েও একটি অক্ষরেখা বিস্তৃত।

আগামী সোমবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের নদীয়া, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি থাকছে।