বিশ্ব পরিবেশ দিবসে মালদা প্রশাসনের মেগা উদ্যোগ: মহানন্দা ও চাতরা বিল রক্ষায় বড় অঙ্গীকার

বিশ্ব পরিবেশ দিবসে মালদা প্রশাসনের মেগা উদ্যোগ। মহানন্দা নদী ও চাতরা বিল রক্ষায় বড় অঙ্গীকার, আমের বিশ্বায়ন ও দূষণমুক্ত মালদার বার্তা।

Share:

ব্যুরো নিউজ, ৫ জুন ২০২৬ঃ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে মালদা জেলা প্রশাসনের উদ্যোগে এক মেগা অনুষ্ঠান আয়োজিত হল, যেখানে মহানন্দা নদী ও চাতরা বিল রক্ষায় বড়সড় অঙ্গীকার করা হয়েছে। শুক্রবার ৫ই জুন মালদা কলেজের দুর্গাকিংকর সদনে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক রাজেনবীর সিং কাপুর, অতিরিক্ত জেলাশাসক অনিন্দ্য সরকার, ইংরেজবাজারের বিধায়ক অম্লান ভাদুড়ি এবং মালদা কলেজের অধ্যক্ষ ডঃ মানস কুমার বৈদ্য সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকেরা।

অনুষ্ঠানের শুরুতেই অতিথিরা চারাগাছ রোপণ করে এবং পরিবেশ রক্ষার যৌথ শপথ গ্রহণের মাধ্যমে কর্মসূচির শুভ সূচনা করেন। স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের মধ্যে চারাগাছ বিতরণ করা হয় এবং পরিবেশ বিষয়ক প্রতিযোগিতায় সফলদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এদিনের মঞ্চ থেকে মালদার অর্থনীতি ও ভূপ্রকৃতির দুটি প্রধান স্তম্ভ— ‘আম’ এবং ‘মহানন্দা নদী’ নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়। জেলা প্রশাসন মালদার ঐতিহ্যবাহী আমকে রোগ-পোকা থেকে রক্ষা, উন্নত মানের আম উৎপাদন বৃদ্ধি এবং দেশ-বিদেশের বাজারে রপ্তানির জন্য বিশেষ রূপরেখা তৈরির অঙ্গীকার নেয়।

একইসাথে, মালদা শহরের বুক চিরে বয়ে যাওয়া মহানন্দা নদীকে দূষণমুক্ত করতে কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়। ইংরেজবাজারের বিধায়ক অম্লান ভাদুড়ি চাতরা বিলের গুরুত্ব তুলে ধরে বলেন, মালদা শহরের পরিবেশের ভারসাম্য রক্ষায় এটি অপরিহার্য। তিনি স্পষ্ট জানান, কোনো অবস্থাতেই চাতরা বিল ভরাট করতে দেওয়া হবে না। বরং, বৈজ্ঞানিক পদ্ধতিতে শহরের সমস্ত ড্রেনের জল সেখানে নিষ্কাশন করার পরিকল্পনা নেওয়া হবে। জেলা প্রশাসনের এই সামগ্রিক উদ্যোগ মালদাবাসীর মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে নতুন দিশা দেখাবে বলে আশা করা হচ্ছে।