ব্যুরো নিউজ, ৩১ জুলাই ২০২৬ঃ মালদা গার্লস জুনিয়র বেসিক স্কুলে মিড-ডে মিল প্রকল্পে ব্যাপক গরমিলের অভিযোগে সাসপেন্ড করা হলো প্রধান শিক্ষিকা বুলু সরকার প্রামাণিককে। জেলা প্রাইমারি স্কুল কাউন্সিল বৃহস্পতিবার এই নির্দেশিকা জারি করেছে। অভিযোগ, স্কুলে পড়ুয়ার সংখ্যা বাড়িয়ে দেখিয়ে মিড-ডে মিলের হিসেবে গরমিল করা হয়েছে। প্রকৃত উপস্থিতি এবং AMS (Automated Monitoring System)-এ রিপোর্ট করা উপস্থিতির মধ্যে বিশাল পার্থক্য পাওয়া গিয়েছে।
তদন্তে আরও জানা যায়, পড়ুয়াদের জন্য প্রয়োজনের অতিরিক্ত চাল ব্যবহার করা হয়েছে এবং অতিরিক্ত রান্নার খরচও দাবি করা হয়েছে। স্কুলের রাইস স্টক রেজিস্টার এবং ফান্ড রেজিস্টারে প্রধান শিক্ষিকার কোনও স্বাক্ষর ছিল না। এছাড়াও, তদন্তের সময় প্রয়োজনীয় ভাউচার ও বিল উপস্থাপন করা হয়নি। স্কুলের অন্যান্য বহু নথিতেও অসঙ্গতি মিলেছে। মিড-ডে মিল ছাড়াও, অভিভাবকদের থেকে বিভিন্ন কারণ দেখিয়ে টাকাপয়সা নেওয়া এবং সরকারি তহবিলের টাকা তছরুপের অভিযোগও উঠেছে।
চলতি মাসেই স্কুলের অভিভাবক ও শিক্ষিকারা এই বেনিয়মের বিষয়ে অভিযোগ জানিয়েছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্ত শুরু করে জেলা প্রাইমারি স্কুল কাউন্সিল। কাউন্সিলের চেয়ারম্যান মলয় মণ্ডল জানিয়েছেন, “বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে ওই প্রধান শিক্ষিকার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। প্রাথমিক তদন্তে মিড-ডে মিল, অ্যাকাডেমিক এবং স্কুল অ্যাডমিনিস্ট্রেশনেও নানা বেনিয়মের প্রমাণ মিলেছে। আপাতত তাঁকে সাসপেন্ড করা হয়েছে এবং বিভাগীয় তদন্ত শুরু হবে।” এই ঘটনায় মালদার শিক্ষা মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।








