ব্যুরো নিউজ, ১৮ সেপ্টেম্বর ২০২৬: দেশব্যাপী ‘স্বচ্ছতাই সেবা–২০২৬’ অভিযানের অংশ হিসেবে পূর্ব রেলের মালদা ডিভিশনে শুরু হল এক ব্যাপক পরিচ্ছন্নতা ও যাত্রী সচেতনতামূলক কর্মসূচি। ‘স্বচ্ছ ভারত, বিকশিত ভারত’ ভাবনাকে সামনে রেখে এই অভিযান চলবে ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত। মালদা ডিভিশনের বিভিন্ন স্থানে এই কর্মসূচি পরিচালিত হবে। মালদা টাউন রেলওয়ে স্টেশনে স্বচ্ছতা শপথ গ্রহণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।
মালদার ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (DRM) মনীশ কুমার গুপ্ত উপস্থিত রেল আধিকারিক, কর্মী, হাউসকিপিং স্টাফ, স্কাউটস অ্যান্ড গাইডস এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিদের স্বচ্ছতা শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিআরএম অমরেন্দ্র কুমার মৌর্য সহ বিভিন্ন শাখার আধিকারিকরা। এই অভিযানের অন্যতম প্রধান লক্ষ্য হল যাত্রীদের মধ্যে ৪-বিন বর্জ্য পৃথকীকরণ ব্যবস্থা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। মালদা টাউন সহ ডিভিশনের বিভিন্ন স্টেশনে সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে যাত্রীদের উৎসস্থলেই বর্জ্য সঠিকভাবে পৃথকীকরণ ও নির্দিষ্ট বিনে ফেলার বিষয়ে সচেতন করা হচ্ছে। জনসচেতনতা বাড়াতে স্কাউটস অ্যান্ড গাইডস-এর উদ্যোগে পথনাটিকাও পরিবেশন করা হয়, যা যাত্রীদের দায়িত্বশীল পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে উৎসাহিত করে। ডিআরএম মনীশ কুমার গুপ্ত পরিচ্ছন্নতা বজায় রাখার ক্ষেত্রে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের গুরুত্বের ওপর জোর দেন এবং ৪-বিন বর্জ্য পৃথকীকরণ ব্যবস্থার যথাযথ ব্যবহারের আহ্বান জানান। মালদা ডিভিশনজুড়ে মোট ১,০০০টি পরিচ্ছন্নতা লক্ষ্যমাত্রা ইউনিট চিহ্নিত করা হয়েছে এই বিশেষ অভিযানের জন্য। রেল চত্বর ও চলন্ত ট্রেনেও যাত্রীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে পরিচ্ছন্নতার বার্তা দেওয়া হচ্ছে।








