জ্ঞানেশ কুমারের নিয়োগ ও ECI দুর্নীতি মুক্ত করতে মমতা তৃণমূলের সুপ্রিম কোর্টে দ্রুত শুনানির আর্জি

জ্ঞানেশ কুমারের নিয়োগ এবং ECI-র একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দ্রুত শুনানির আর্জি জানাল মমতা তৃণমূল। SIR-সহ দুর্নীতির অভিযোগ।

Share:

ব্যুরো নিউজ, ২৬ অক্টোবর ২০২৬: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিয়োগ এবং তাঁর কার্যকালের একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দ্রুত শুনানির আর্জি জানাল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। ককরোচদের আন্দোলনের সঙ্গে জোট বেঁধে কংগ্রেস, সিপিআইএম-সহ একাধিক বিরোধী দল জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সরব হয়েছে। এরই মধ্যে তৃণমূল শিবির শীর্ষ আদালতের দ্বারস্থ হয়ে এই মামলার দ্রুত নিষ্পত্তি চাইছে। বিরোধী দলগুলির অভিযোগ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) চাপিয়ে লক্ষ লক্ষ বৈধ ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

সম্প্রতি একটি সংবাদপত্রের প্রতিবেদনে দাবি করা হয় যে, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বাকি দুই ইসিআই সদস্য সুখবীর সিং এবং বিবেক জোশির মতামত ছাড়াই একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি, পশ্চিমবঙ্গে এখনও বহু ভোটারের নাম বিবেচনাধীন রয়েছে বলেও অভিযোগ উঠেছে। জানা যায়, নির্বাচন কমিশনের নিয়োগ আইন সংশোধনের পর জ্ঞানেশ কুমার মুখ্য নির্বাচন কমিশনার পদে বসেছিলেন। তাঁর নিয়োগে একাধিক অনিয়ম রয়েছে বলে দাবি করে তৃণমূল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। সোমবার এই মামলার দ্রুত শুনানির আবেদন জানিয়ে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন মমতাপন্থী আইনজীবী মেনকা গুরুস্বামী। তৃণমূল সাংসদ দোলা সেন জ্ঞানেশের সিদ্ধান্তগুলিকে চ্যালেঞ্জ করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একটি পৃথক মামলা দায়ের করেছিলেন।

আইনজীবী মেনকা জানান, এই মামলায় নির্বাচন কমিশনারের কাজকর্ম, তাঁর নিয়োগ এবং সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন তোলা হয়েছে। আদালতের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে, এসআইআর সংক্রান্ত বিচারাধীন মামলার সঙ্গেই এই আবেদনটি জুড়ে একসঙ্গে শুনানি হবে।