ব্যুরো নিউজ, ৩০ সেপ্টেম্বর ২০২৬: পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর সঙ্গে যোগসাজশের অভিযোগে এক মসজিদের ইমামকে গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। মঙ্গলবার ভোরে মঙ্গলকোটের পালিশ গ্রামের পূর্বপাড়া মসজিদে অভিযান চালিয়ে পিয়ার মোহাম্মদ নামে ওই ইমামকে আটক করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা মঙ্গলকোট জুড়েই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

এনআইএ সূত্রে খবর, মঙ্গলবার ভোরে মঙ্গলকোট থানা ও এনআইএ-এর যৌথ বাহিনী পালিশ গ্রামের পূর্বপাড়া মসজিদে হানা দেয়। দীর্ঘক্ষণ তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর ভোর সাড়ে পাঁচটা নাগাদ মসজিদের ইমাম পিয়ার মোহাম্মদকে আটক করা হয়। পরে তাঁকে মঙ্গলকোট থানায় নিয়ে যাওয়া হয়। তদন্তকারীদের দাবি, জেএমবির সঙ্গে তাঁর কোনও যোগসূত্র ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে, পিয়ার মোহাম্মদের বাড়ি মন্তেশ্বর থানার কুলুট গ্রামে। গত তিন-চার বছর ধরে তিনি পালিশ গ্রামের পূর্বপাড়া মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তদন্তে তাঁর পাসপোর্টে বাংলাদেশে সফরের তথ্যও পাওয়া গিয়েছে। প্রাথমিকভাবে জানা যায়, তাবলিগ জামাতের কাজে বৈধভাবে প্রায় ৪০ দিন বাংলাদেশে ছিলেন তিনি।

তবে ওই সফরের সময় জেএমবির কোনও সদস্যের সঙ্গে তাঁর যোগাযোগ হয়েছিল কি না, বা কোনও বৈঠকে অংশ নিয়েছিলেন কি না, সেই সমস্ত বিষয়ই এখন তদন্তের আওতায়। স্থানীয় বাসিন্দাদের একাংশ পিয়ার মোহাম্মদকে শান্ত ও সাধারণ স্বভাবের মানুষ হিসেবেই জানতেন। তাঁর গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। এনআইএ এবং স্থানীয় পুলিশ যৌথভাবে গোটা বিষয়টি খতিয়ে দেখছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগের সত্যতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো যাচ্ছে না।








