ব্যুরো নিউজ, ৪ নভেম্বর ২০২৬: জীবিকার তাগিদে ভিনরাজ্যে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরের এক পরিযায়ী শ্রমিক।
সাগর ব্লকের ধবলাট গ্রাম পঞ্চায়েতের শিবপুর এলাকার বাসিন্দা চন্দন পাত্র অভাবের সংসার টানতে কেরালার একটি এলাচ বাগানে কাজ করতেন। পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার সকালে বাগানের মালিকের নির্দেশে গাছ কাটার সময় উপর থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় চন্দনের। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে কচুবেড়িয়া এলসিডি ঘাটে তাঁর নিথর দেহ এসে পৌঁছায়।
প্রিয়জনের দেহ বাড়ি ফেরার খবর পেয়ে ঘাটে ভিড় জমান আত্মীয়-পরিজন, প্রতিবেশীরা এবং স্থানীয় বিজেপি কর্মীরা। দেহ বাড়ি পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। গোটা শিবপুর এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্যকে হারিয়ে দিশেহারা তাঁর স্ত্রী ও ছেলেমেয়েরা। কীভাবে সংসার চলবে, সেই চিন্তাই এখন গ্রাস করছে তাঁদের।
এই ঘটনায় ফের একবার ভিনরাজ্যে কর্মরত শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল। রাজ্যের বাইরে কাজ করতে গিয়ে সামান্য ভুলের মাসুল যে এভাবে জীবন দিয়ে চোকাতে হতে পারে, তা ভাবাচ্ছে সকলকে।








