ব্যুরো নিউজ, ২০ সেপ্টেম্বর ২০২৬: রবিবার দুপুরে বাগুইআটিতে বাড়িতে ঢুকে এক যুবককে খুনের অভিযোগ। নিহত যুবকের নাম বলরাম রাজবংশী। জানা গিয়েছে, মৃত যুবক মানসিকভাবে অসুস্থ ছিলেন। ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না। বাবা-মা পাশের বাড়িতে যাওয়ার সুযোগে দুষ্কৃতীরা বাড়িতে ঢোকে বলে অভিযোগ।
বাড়িতে ঢুকে তল্লাশি চালানোর পর যুবককে খুন করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। সঙ্গে প্রায় দুই লক্ষ টাকা লুঠ করে নিয়ে যাওয়ার অভিযোগও উঠেছে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বাড়ির সমস্ত জিনিসপত্র তছনছ অবস্থায় পাওয়া যায়। আলমারি খোলা থাকলেও সেখানে টাকা-পয়সা বা গয়না পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, যুবকের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনার পেছনে পুরনো শত্রুতা নাকি অন্য কোন কারণ আছে তা খতিয়ে দেখছে পুলিশ। যেখানে এই খুনের ঘটনা ঘটেছে সেই বাড়িটির আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বাগুইআটির ওই এলাকায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান এই খুনের ঘটনায় পরিচিত কেউ জড়িত থাকতে পারে। জানা গেছে, বাড়ির সামনের গেটে তালা দেওয়া ছিল। আততায়ী বাড়ির পিছন দিকের পাঁচিল টপকে ভিতরে প্রবেশ করে এই খুনের ঘটনা ঘটায়। আততায়ী একজন নাকি একাধিক তা খতিয়ে দেখছে পুলিশ।








