ব্যুরো নিউজ, ২২ অক্টোবর ২০২৬: নদিয়ার শান্তিপুরে এক ৭ বছরের নাবালককে যৌন হেনস্থার অভিযোগে এক প্রৌঢ়কে গ্রেপ্তার করেছে পুলিশ। দুর্গাপুজোর নবমীর রাতে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শান্তিপুর দালাল পাড়া লেন এলাকায়। অভিযুক্ত প্রৌঢ় নাবালকের প্রতিবেশী এবং পূর্ব পরিচিত বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে খবর, নবমীর দিন ৭ বছরের ওই নাবালক খেলাধুলা করছিল। সেই সময় অভিযুক্ত প্রৌঢ় তাকে জাপটে ধরে গোপনাঙ্গে হাত দেয় বলে অভিযোগ। এই অশালীন আচরণে নাবালকটি আতঙ্কিত হয়ে পড়ে এবং বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। এরপরই নাবালকের অভিভাবকরা শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরই পুলিশ তদন্ত শুরু করে এবং ওই এলাকা থেকেই অভিযুক্তকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতকে রানাঘাটের বিচার বিভাগীয় আদালতে পেশ করা হয়েছে। আদালত তার পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।
সমাজে এমন বিকৃত মানসিকতার ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। নাবালকদের সুরক্ষায় প্রশাসনের আরও নজরদারির প্রয়োজন বলেও তাঁরা মনে করছেন।








