নিরঞ্জনপুরে চোরের উপদ্রবে অতিষ্ঠ গ্রামবাসী, রাতের অন্ধকারে হানা দিয়ে চুরি

মালদহের মানিকচকে চুরির ঘটনায় অতিষ্ঠ গ্রামবাসী। রাতে বাড়িতে হানা দিয়ে চুরি করে পালাচ্ছে দুষ্কৃতীরা। এলাকায় পুলিশি নিরাপত্তার দাবি।

Share:

ব্যুরো নিউজ, ৫ নভেম্বর ২০২৬: মালদহের মানিকচকের নিরঞ্জনপুর গ্রামে চুরির ঘটনা বেড়েই চলেছে। সন্ধ্যা নামতেই চোরের দল সক্রিয় হয়ে উঠছে। কখনও দেওয়াল কেটে, কখনও আবার টিনের চাল ফুটো করে বাড়িতে ঢুকে দামি জিনিসপত্র নিয়ে চম্পট দিচ্ছে দুষ্কৃতীরা।

স্থানীয়দের সন্দেহ, একটি সংঘবদ্ধ চক্র এলাকায় নিয়মিত চুরি করে বেড়াচ্ছে। এই নিয়ে পরপর পাঁচটি বাড়িতে চুরির ঘটনা ঘটল। আতঙ্কিত গ্রামবাসী শেষ পর্যন্ত প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। বুধবার ভোররাতে নিরঞ্জনপুর ভেস্টপাড়া সংলগ্ন এলাকার এক বাড়িতে চোরের দল হানা দেয়। বাড়ির ছাদে শব্দ শুনে বাড়ির মালিক বেরিয়ে এসে দেখেন, কয়েকজন দুষ্কৃতী ধারালো অস্ত্র নিয়ে ছাদে ঘোরাঘুরি করছে। আতঙ্কে চিৎকার করতেই চোরের দল এলাকা ছেড়ে পালায়।

তবে ততক্ষণে তারা বাড়ি থেকে বেশ কিছু দামি বাসনপত্র ও অন্যান্য জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এবং গ্রামবাসীরা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। এই চুরির ঘটনায় মানিকচক পুলিশ প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা অবিলম্বে এলাকায় পুলিশি নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন। লাগাতার চুরির ঘটনায় সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। দ্রুত দুষ্কৃতীদের ধরা না হলে আরও বড় ঘটনা ঘটার আশঙ্কা করছেন তারা। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন নিরঞ্জনপুরের বাসিন্দারা।