ব্যুরো নিউজ, ৭ নভেম্বর ২০২৬: শব্দদূষণ রুখতে এবং শিলিগুড়ি শহরকে আরও পরিবেশবান্ধব করে তুলতে এক যুগান্তকারী পদক্ষেপ নিল শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষের উপস্থিতিতে রোলারের চাকায় পিষে ধ্বংস করা হল প্রায় ২০০-র বেশি মডিফাই করা সাইলেন্সার পাইপ।
প্রশাসনের এই উদ্যোগের মূল লক্ষ্য হল, শহরকে কান ফাটানো আওয়াজ এবং শব্দদূষণের হাত থেকে রক্ষা করা। শুধু সাইলেন্সার ধ্বংস করেই ক্ষান্ত হয়নি প্রশাসন, এই ধরনের বেআইনি প্রবণতা বন্ধ করতেও কড়া বার্তা দেওয়া হয়েছে।
পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ জানিয়েছেন, শিলিগুড়ি শহরের যে সব দোকানে এই ধরনের মডিফাই সাইলেন্সার পাইপ বিক্রি করা হচ্ছে, সেখানেও বিশেষ অভিযান চালানো হবে। এই অভিযান লাগাতার চলবে। অর্থাৎ, এবার শুধু বাইক চালকরাই নন, মডিফাই সাইলেন্সার বিক্রেতারাও প্রশাসনের কড়া নজরে থাকবেন।
অন্যদিকে, শিলিগুড়ির পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা জানান, শহরকে দূষণমুক্ত রাখতে এবং সাধারণ মানুষের সুবিধার জন্য প্রশাসন সবরকম ব্যবস্থা নিচ্ছে। তিনি ১৮ বছরের কম বয়সীদের হাতে মোটরবাইক তুলে না দেওয়ার জন্যও আবেদন জানিয়েছেন। পুলিশ কমিশনার আরও বলেন, শুধু প্রশাসনের উদ্যোগে শহরকে দূষণমুক্ত করা সম্ভব নয়। এর জন্য সমাজের প্রতিটি মানুষকে সচেতন হতে হবে এবং প্রশাসনের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
সব মিলিয়ে, শব্দদূষণের বিরুদ্ধে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এই বিশেষ অভিযান কতটা সফল হয়, এখন সেটাই দেখার বিষয়।










