ব্যুরো নিউজ, ২৩ মে ২০২৬ঃ রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর অবশেষে চালু হল কেন্দ্রের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি যোজনা । বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বিজেপি সরকার গঠন করার পরেই রাজ্যের কৃষকদের জন্য এই কেন্দ্রীয় প্রকল্প কার্যকর করা হয়েছে। এর ফলে বাংলার লক্ষ লক্ষ চাষি সরাসরি উপকৃত হবেন, যা তাদের কৃষি কাজ এবং জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। এই প্রকল্পের আওতায় রাজ্যের কৃষকরা বছরে মোট ৬,০০০ টাকা আর্থিক সহায়তা পাবেন।
জানা গিয়েছে, এই টাকা তিনটি কিস্তিতে, অর্থাৎ ২,০০০ টাকা করে সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে। এপ্রিল থেকে জুলাই, অগস্ট থেকে নভেম্বর এবং ডিসেম্বর থেকে মার্চ – এই তিন সময়সীমার মধ্যে কিস্তিগুলি প্রদান করা হবে। ২০১৮ সালের ১ ডিসেম্বর কেন্দ্রীয় সরকার কৃষকদের স্বার্থে এই প্রকল্প চালু করেছিল, যার মূল উদ্দেশ্য ছিল দেশের কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করে তাঁদের জীবনযাত্রার মান উন্নত করা এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে উৎসাহ দেওয়া। তবে, পিএম কিসান প্রকল্পের সুবিধা পেতে কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। আবেদনকারীর সরকারের ভূমি রাজস্ব দফতরের রেকর্ড অনুযায়ী চাষযোগ্য জমি থাকতে হবে। কোনও প্রাতিষ্ঠানিক ভূমিমালিক বা উচ্চ আয়ের কৃষকরা এই প্রকল্পের যোগ্য নন।
এছাড়া, কর্মরত বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, যাঁদের মাসিক বেতন বা পেনশন ১০,০০০ টাকা বা তার বেশি, তাঁরাও এই সুবিধা পাবেন না। পেশাদার করদাতারাও এই প্রকল্পের আওতার বাইরে। আবেদনকারীর অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও আধার কার্ড থাকতে হবে এবং বায়োমেট্রিক যাচাই প্রক্রিয়ার মাধ্যমে ই-কেওয়াইসি বাধ্যতামূলক। জমির মালিকানার যাবতীয় নথি জমা করা এবং ভারতীয় নাগরিকত্বও আবশ্যিক। এই শর্তগুলি পূরণ করলেই কৃষকরা এই গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারবেন।







