ব্যুরো নিউজ, ২৮ নভেম্বর ২০২৬: বেসরকারি স্কুলে ফি বৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতে স্কুলগুলির সঙ্গে আলোচনায় বসার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অভিভাবকদের স্বার্থের কথা ভেবেই রাজ্য সরকার এই অবস্থান নিয়েছে। শুক্রবার নিউটাউন কনভেনশন সেন্টারে বেসরকারি স্কুলের ফি ও অন্যান্য বিষয় নিয়ে বৈঠক হয়। সেখানে ছিলেন স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মন, প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী, মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্ত এবং স্কুলশিক্ষা দফতরের সচিব-সহ পদস্থ আধিকারিকরা।
বৈঠকে প্রথম সারির বেসরকারি স্কুলগুলির প্রায় ৩৬০ জন প্রতিনিধিকে ডাকা হয়েছিল। মুখ্যমন্ত্রী জানান, সব স্কুলের বিরুদ্ধে ফি বৃদ্ধির অভিযোগ নেই। কয়েকটি স্কুলে ফি ৯, ১২ কিংবা ১৫ শতাংশ পর্যন্ত বেড়েছে বলে অভিযোগ উঠেছে। অনেক স্কুল আবার ফি বাড়ায়নি। কলকাতার কয়েকটি পরিচিত স্কুল বছরে ৯ শতাংশ ফি বাড়ানোর প্রস্তাব দিয়েছিল। সরকার সেই প্রস্তাবে রাজি হয়নি।
যে স্কুলগুলি ইতিমধ্যেই বাড়তি ফি নিয়েছে, তাদের ক্ষেত্রে এখন আর কিছু করার নেই বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে বাড়তি নেওয়া টাকা সমন্বয় করতে হবে, এমন বার্তাও দিয়েছেন তিনি। ফি বৃদ্ধির হার ৫ শতাংশের বেশি হতে পারবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বিষয়টি দেখার জন্য তিন-চারটি দফতরকে নিয়ে কমিটি গঠন করা হবে। আলোচনার পরে কমিটি সিদ্ধান্ত জানাবে।
দেশের সাত-আটটি রাজ্যে বেসরকারি স্কুলের ফি নিয়ন্ত্রণে আইন রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বিহারে বছরে সর্বোচ্চ ৭ শতাংশ ফি বাড়ানোর নিয়ম আছে। কিন্তু পশ্চিমবঙ্গের আর্থসামাজিক পরিস্থিতিতে বিহারের নিয়মকে মানদণ্ড করা উচিত নয় বলে তাঁর মত। আইন আনার প্রয়োজন হবে না, আলোচনাতেই সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। আগামী ১ ডিসেম্বর থেকে স্কুলশিক্ষা দফতরের দু’টি পোর্টাল চালু হবে। একটি স্কুলগুলির জন্য, অন্যটি অভিভাবকদের জন্য। স্কুলের সামনে যানজট-সহ বিভিন্ন বিষয় সামলাতে একাধিক দফতরের সমন্বয়ে SOP তৈরির প্রস্তাব মুখ্যসচিবের কাছে পাঠানো হবে।









