তৃণমূলে ফের ধাক্কা! পূর্ব বর্ধমান জেলা সভাপতির পদ ছাড়লেন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। দলের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে চিঠি।

Share:

ব্যুরো নিউজ, ১৭ জুন ২০২৬ঃ তৃণমূলে ফের ধাক্কা, এবার পূর্ব বর্ধমান জেলায়। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন কাটোয়ার প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। বুধবার দলের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে ইমেল মারফত নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন সত্তরোর্ধ্ব এই নেতা। যদিও তাঁর ইস্তফা গৃহীত হয়েছে কিনা, তা এখনও স্পষ্ট নয়।

সূত্রের খবর অনুযায়ী, রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় চিঠিতে জানিয়েছেন যে শারীরিক কারণে এই গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব সামলাতে তিনি আর সক্ষম নন। তাই তাঁকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। এই চিঠিকেই তাঁর পদত্যাগপত্র হিসাবে বিবেচনা করার কথাও উল্লেখ করেছেন তিনি। ২০২১ সাল থেকে পর পর তিনবার তিনি পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি নির্বাচিত হয়েছিলেন।

কাটোয়ার ছয়বারের বিধায়ক এবং এলাকার দাপুটে নেতা হিসেবে পরিচিত রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সম্প্রতি বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থীর কাছে ৩৫ হাজারেরও বেশি ভোটে পরাজিত হয়েছিলেন। নির্বাচনী লড়াইয়ে পরাজয়ের পর এবার দলীয় পদও ছাড়তে চাইলেন তিনি। তাঁর এই পদত্যাগ পূর্ব বর্ধমান জেলা তৃণমূলে একটি বড় ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহল। তাঁর জায়গায় কাকে দায়িত্ব দেওয়া হবে, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে।

বিধানসভা নির্বাচনের ভরাডুবির পর রাজ্যজুড়ে তৃণমূলের অন্দরে ভাঙন অব্যাহত। এই পরিস্থিতিতে রবীন্দ্রনাথের ইস্তফার নেপথ্যে শারীরিক অসুস্থতা ছাড়া অন্য কোনো কারণ আছে কিনা, তা নিয়েও রাজনৈতিক মহলে আলোচনা চলছে।