ছটপুজোয় মাংসের দোকান বন্ধের নির্দেশ রামপুরহাট পুরসভার, সিদ্ধান্ত ঘিরে বিতর্ক!

ছটপুজো উপলক্ষে রামপুরহাট পুরসভার নির্দেশে রবি ও সোমবার বন্ধ থাকবে মাংসের দোকান। এই সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর ও বিক্রেতাদের ক্ষোভ।

Share:

ব্যুরো নিউজ, ১৪ নভেম্বর ২০২৬ :  ছটপুজো উপলক্ষে দু’দিন মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে তৃণমূল পরিচালিত রামপুরহাট পৌরসভা। এই আকস্মিক সিদ্ধান্তে শহরে শুরু হয়েছে জোর বিতর্ক ও রাজনৈতিক চাপানউতোর। রবিবার ও সোমবার, ছটপুজোর এই দু’দিন শহরের কোর্টের গলিতে থাকা তিনটি মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

পৌরসভা সূত্রে খবর, সংশ্লিষ্ট দোকান মালিকদের হাতে ইতিমধ্যেই নোটিশ তুলে দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করে ওই দু’দিন দোকান খোলা রাখা যাবে না। পৌরপ্রধান সৌমেন ভগত জানিয়েছেন, কোর্টের গলিতে ওই তিনটি দোকানে প্রকাশ্যেই মাংস কাটা হয়। ছটপুজোর মতো ধর্মীয় উৎসবের পবিত্রতা বজায় রাখতেই আপাতত দু’দিন দোকান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নির্দেশের জেরে ক্ষতির মুখে পড়ার আশঙ্কায় রয়েছেন বিক্রেতারা। তাঁদের বক্তব্য, ছুটির দিনেই মাংসের বিক্রি বেশি হয়, তাই দোকান বন্ধ থাকলে বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে।

অন্যদিকে, এই সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তরজা। কংগ্রেসের অভিযোগ, বিজেপিকে খুশি করতেই এমন পদক্ষেপ নিয়েছে পৌরসভা। প্রাক্তন কংগ্রেস বিধায়ক মিল্টন রশিদ এর তীব্র সমালোচনা করেছেন। যদিও বিতর্কের মুখে পৌরপ্রধান সৌমেন ভকত তাঁর সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে বলেন, ছটপুজো অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করা হয়। যাঁরা উপবাস করেন, তাঁদের ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। সেই সময় রাস্তায় রক্তের জল বা মাংসের টুকরো পড়ে থাকতে দেখলে তাঁদের মনে আঘাত লাগতে পারে। এই সংবেদনশীলতা থেকেই সাময়িক এই ব্যবস্থা।