আর জি কর কাণ্ড: ‘নির্মল ঘোষের সঙ্গে সিবিআই আইনজীবীর যোগসাজশ’, বিস্ফোরক অভিযোগ নির্যাতিতার বাবার

আর জি কর কাণ্ডে সিবিআই তদন্ত নিয়ে বিস্ফোরক অভিযোগ নির্যাতিতার বাবার। প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ ও সিবিআই আইনজীবীর যোগসাজশের দাবি, ভয় দেখানোর অভিযোগ।

Share:

ব্যুরো নিউজ, ৫ জুন ২০২৬ঃ আর জি কর মেডিক্যাল কলেজে নির্যাতিতা ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনায় সিবিআই তদন্তের স্বচ্ছতা নিয়েই এবার বিস্ফোরক প্রশ্ন তুললেন নির্যাতিতার বাবা। তাঁর অভিযোগ, পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের সঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর তদন্তকারী আধিকারিক সীমা পাহুজা এবং আইনজীবী পার্থ দত্তর যোগসাজশ ছিল। নির্যাতিতার বাবা দাবি করেছেন, তাঁদের শিখিয়ে নিয়ে যাওয়া হয়েছিল এবং ভয় দেখানো হয়েছিল যাতে তাঁরা নির্দিষ্ট কিছু কথা ছাড়া অন্য কিছু না বলেন।

তিনি জানান, সিবিআই-এর আধিকারিক সীমা পাহুজা তাঁদের বাড়িতে গিয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন, এর বাইরে কিছু বললে সঞ্জয় রায়কে আটকে রাখা যাবে না। নির্যাতিতার বাবার অভিযোগ, সিবিআই-এর আইনজীবী পার্থ দত্তই তাঁদের শিখিয়ে দিয়েছিলেন আদালতে ঠিক কী বলতে হবে এবং কী বলা যাবে না। এমনকি, পার্থ দত্ত আদালতে সে কথা স্বীকারও করেছিলেন বলে তিনি দাবি করেন। নির্যাতিতার পরিবারকে প্রথমদিকে আদালত কক্ষে ঢুকতেই দেওয়া হয়নি, ১১ জানুয়ারি প্রথমবার তাঁদের প্রবেশাধিকার মেলে।নির্মল ঘোষের আইনজীবীর পিঠ চাপড়ে অনুরাগ মোদীর ‘কিছু হবে না’ মন্তব্য সিবিআই-এর আইনজীবীর ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে বলে তিনি জানান।

সিবিআই অবশ্য আদালতে জানিয়েছে, নির্মল ঘোষ, প্রতিবেশী সঞ্জীব মুখোপাধ‍্যায় এবং সোমনাথ দে-এর বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি, তাই তাঁদের তদন্তের আওতার বাইরে রাখা হয়েছে। কিন্তু এই বক্তব্য মানতে নারাজ নির্যাতিতার পরিবার। নির্যাতিতার মা অধ্যাপক সুমিত রায় তপাদারকেও তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন। আদালতের নিষেধাজ্ঞা থাকায় নির্যাতিতা ছাত্রীকে নিয়ে কোনো চলচ্চিত্র তৈরি বা প্রকাশ করা যাবে না বলেও পরিবার জানিয়েছে। এই ঘটনায় সিবিআই তদন্তের নিরপেক্ষতা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।