ব্যুরো নিউজ, ১৪ সেপ্টেম্বর ২০২৬: জোড়া উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির। নন্দীগ্রাম ও রেজিনগর, এই দুই কেন্দ্রে আগামী ৬ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ঋতব্রত শিবিরের তরফে নন্দীগ্রামে মহম্মদ এতেশামুল হক এবং রেজিনগরে সফিউদ্দিন শেখকে প্রার্থী করা হয়েছে। অন্যদিকে, কালীঘাট তৃণমূল আগেই তাদের প্রার্থী ঘোষণা করেছিল; নন্দীগ্রামে সঞ্চিতা প্রধান (দে) এবং রেজিনগরে রবিউল আলম চৌধুরী লড়বেন। তবে, জোড়াফুল প্রতীক নিয়ে জটিলতা এখনও কাটেনি।
নির্বাচন কমিশন দুই শিবিরের সঙ্গেই বৈঠক করলেও, প্রতীক কারা পাবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। এই আবহেই আসন্ন উপনির্বাচনের জন্য দুই পক্ষই প্রার্থী ঘোষণা করল। উল্লেখ্য, শুভেন্দু অধিকারী ও হুমায়ুন কবীরের ইস্তফার ফলেই এই দুই আসনে উপনির্বাচন হচ্ছে। বামফ্রন্টও তাদের প্রার্থী ঘোষণা করেছে। সমঝোতা অনুযায়ী, নন্দীগ্রাম আসনে সিপিআই প্রার্থী শান্তিগোপাল গিরি এবং মুর্শিদাবাদের রেজিনগরে সিপিআইএম প্রার্থী হিসেবে লড়বেন বিশিষ্ট আইনজীবী সৈয়দ। কংগ্রেসের তরফে নন্দীগ্রামে প্রার্থী হয়েছেন মিলন প্রধান।
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, ১৬ সেপ্টেম্বরের মধ্যে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন এবং ১৯ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। প্রতীক ইস্যুতে ঋতব্রত শিবিরের পেশ করা নথির প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৬ সেপ্টেম্বরের মধ্যে জবাব দিতে বলেছে কমিশন। সেই নথির একটি প্রতিলিপি ঋতব্রতদের কাছেও পৌঁছতে হবে। কমিশন জানিয়েছে, নথিপত্র খতিয়ে দেখার পর প্রয়োজনে ১৭ সেপ্টেম্বর বিশেষ শুনানির আয়োজন করা হতে পারে। তার পরেই প্রতীক সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। এই পরিস্থিতিতে, প্রতীক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।








