ভাঙড় বোমা বিস্ফোরণ: শওকত মোল্লার বাড়িতে NIA হানা, তৃণমূল নেতার ছেলেকে আটক

ভাঙড় বোমা বিস্ফোরণ মামলায় তৃণমূল নেতা শওকত মোল্লার বাড়িতে NIA হানা। নেতাকে না পেয়ে তাঁর ছেলেকে আটক করা হয়েছে। স্ত্রী-মেয়েকেও জিজ্ঞাসাবাদ।

Share:

ব্যুরো নিউজ, ৪ জুন ২০২৬ঃ দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে বিধানসভা নির্বাচনের আগে ঘটে যাওয়া বোমা বিস্ফোরণের ঘটনায় এবার বড়সড় পদক্ষেপ করল জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। বৃহস্পতিবার ভোর ৬টা নাগাদ তৃণমূল নেতা শওকত মোল্লার জীবনতলার বাড়িতে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারীরা। তবে শওকত মোল্লাকে বাড়িতে না পেয়ে তাঁর ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। একইসঙ্গে, প্রাক্তন তৃণমূল বিধায়কের স্ত্রী ও মেয়েকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

জানা গেছে, ভোটের আগে ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া এলাকায় হওয়া ওই বোমা বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছিল এবং বেশ কয়েকজন আহত হন। ঘটনার পর থেকেই রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে সরব হয়েছিল আইএসএফ, যার প্রেক্ষিতে পরবর্তীকালে মামলার তদন্তভার গ্রহণ করে এনআইএ। এনআইএ আধিকারিকরা এদিন ভোরে শওকত মোল্লার বাড়িতে পৌঁছে তালা ঝুলতে দেখেন। এরপর বাড়ির আশপাশে খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাঁর দলীয় কার্যালয়েও তল্লাশি চালানো হয়।

তদন্তকারীদের দাবি, ভোটের আগে এলাকায় বোমা মজুত করে রাখা হয়েছিল বলে সন্দেহ রয়েছে। এই সূত্র ধরেই তদন্ত এগোচ্ছে এবং এর অংশ হিসেবেই শওকত মোল্লার বাড়ি ও সংশ্লিষ্ট এলাকায় তল্লাশি চালানো হয়েছে। এর আগে এই মামলায় তৃণমূল নেতা ওয়াহিদুল ইসলাম-সহ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল। এনআইএ-র এই অভিযানকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তের স্বার্থে এখনও পর্যন্ত এনআইএ-র পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি, তবে বিভিন্ন তথ্য ও নথি সংগ্রহ করা হচ্ছে।