ব্যুরো নিউজ, ৬ নভেম্বর ২০২৬: পশ্চিমবঙ্গের সন্দেশখালিতে এক চরম লজ্জাজনক ঘটনার অভিযোগ উঠেছে। দুই সন্তানকে নিয়ে বাড়ি ফেরার পথে এক আদিবাসী মহিলার শ্লীলতাহানির অভিযোগ এসেছে শাহজাহান ঘনিষ্ঠ কাদের মোল্লার বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ন্যাজাট ১ নম্বর পঞ্চায়েতের বাউনিয়া এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় ওই নির্যাতিতা মহিলা যখন তাঁর সন্তানদের সঙ্গে বাড়ি ফিরছিলেন, তখন অভিযুক্ত কাদের মোল্লা তাঁর পথ আটকায়। এরপরই মহিলার শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। মহিলার দাবি, অভিযুক্ত তাঁর শাড়ি ও অন্তর্বাস ছিঁড়ে ফেলে এবং ধর্ষণের চেষ্টা করে। এই সময় তাঁর দুই সন্তান চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসেন। তবে অভিযুক্ত ততক্ষণে পালিয়ে যায়। পালানোর সময় অভিযুক্ত মহিলাকে ধারাল অস্ত্র দেখিয়ে খুনের হুমকি দেয় বলেও অভিযোগ।
এরপর প্রতিবেশীরা মহিলাকে দ্রুত উদ্ধার করেন এবং তারপর নির্যাতিতা ন্যাজাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সন্দেশখালি থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। এই ঘটনার পর এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এবং মহিলাদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।








