শিয়ালদহে রাজুদার দোকানে হানা, লাইসেন্স নেই পকেট পরোটার! খাদ্য সুরক্ষা বিভাগের অভিযানে চাঞ্চল্য

শিয়ালদহে রাজুদার পকেট পরোটার দোকানে লাইসেন্স না থাকায় হানা দিল খাদ্য সুরক্ষা বিভাগ। একাধিক দোকানে অভিযান, নষ্ট করা হল অস্বাস্থ্যকর খাবার।

Share:

ব্যুরো নিউজ, ৩১ অক্টোবর ২০২৬: শনিবার সকালে শিয়ালদহ স্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালাল পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ। বিশেষ করে ভাইরাল হওয়া ‘পকেট পরোটা’ বিক্রেতা রাজুদার দোকানে হানা দেন আধিকারিকরা। তাঁদের দাবি, রাজুদার কাছে এই খাবার বিক্রির কোনও লাইসেন্স নেই। যদিও রাজুদা জানান, তাঁর তৈরি তরকারির ফ্লোর টেস্টে পাশ করেছে এবং ল্যাব টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। তাঁকে সার্জিকাল ক্যাপ পরার নির্দেশও দেওয়া হয়েছে। রাজুদার দোকানের পাশাপাশি শিয়ালদহ স্টেশন চত্বরের আরও একাধিক খাবারের দোকানে অভিযান চালানো হয়।

সিঙারা, কচুরির তরকারি, মাছ, মাংসের মতো বিভিন্ন খাবারের নমুনা সংগ্রহ করে রাসায়নিকের মাধ্যমে গুণগত মান পরীক্ষা করা হয়। পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারায় প্রায় ১০০টি সিঙারা, কচুরির ডাল, তরকারি, পচা চিকেন এবং মাছের ডিম ফেলে দেওয়া হয়। খাদ্য সুরক্ষা বিভাগের আধিকারিকরা জানান, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি এবং নিম্নমানের খাবার বিক্রি বরদাস্ত করা হবে না। এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে বলে তাঁরা জানিয়েছেন। পাশাপাশি, বিক্রেতাদের স্বাস্থ্যবিধি মেনে চলার এবং প্রয়োজনীয় লাইসেন্স নেওয়ার উপর জোর দেওয়া হয়েছে। এই আকস্মিক অভিযানে সাধারণ মানুষ স্বস্তি পেলেও, বিক্রেতাদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে।