ব্যুরো নিউজ, ৭ জুন ২০২৬ঃ শিয়ালদহ ডিভিশনে ১৫ ঘণ্টার মেগা পাওয়ার ব্লকের জেরে শনিবার ও রবিবার চরম ভোগান্তির শিকার হলেন নিত্যযাত্রীরা। পরিকাঠামোগত উন্নয়ন ও নিরাপত্তা সংক্রান্ত জরুরি রক্ষণাবেক্ষণের কাজের জন্য পূর্ব রেল শিয়ালদহ মেইন লাইনে এই বড়সড় ট্রাফিক ও পাওয়ার ব্লক ঘোষণা করেছিল। এর ফলে একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে এবং যে ট্রেনগুলি চলছে, সেগুলিও নির্ধারিত সময়ের চেয়ে অনেক দেরিতে চলছে। রবিবার সকাল থেকেই শিয়ালদহ মেইন লাইনে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
দমদম ও বিধাননগর স্টেশনের মুখে প্রায় ১৫-২০ মিনিট করে ট্রেন দাঁড়িয়ে পড়ায় যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে অতিরিক্ত সময় লাগছে। সোদপুর থেকে শিয়ালদহ পৌঁছাতে সাধারণত যে সময় লাগে, তার প্রায় দ্বিগুণ সময় লাগছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা। ভিড় কামরায় ঘামে নাজেহাল অবস্থা তাঁদের। রেল কর্তৃপক্ষ অবশ্য আগেই এই পাওয়ার ব্লকের কথা ঘোষণা করে যাত্রীদের কাছে সহযোগিতা চেয়েছিল।
কিন্তু যাত্রীদের অভিযোগ, পূর্ব ঘোষিত ব্লক হলেও যে ট্রেনগুলি চলছে, সেগুলিও যদি সময় মেনে না চলে, তাহলে ভোগান্তি আরও বাড়ে। নাম প্রকাশে অনিচ্ছুক এক যাত্রী বলেন, “কাজ চলছে, ট্রেন বাতিল জানতাম। তবে যে ট্রেনগুলি চলছে সেগুলি তো সময়ে চলুক।” রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, দুপুর ১টার মধ্যে কাজ শেষ করে দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে এই পরিস্থিতিতে যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।







