ব্যুরো নিউজ, ২০ মে ২০২৬ঃ রাজ্যের মসনদে পালাবদলের পর একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে নতুন সরকার। এই আবহে শিলিগুড়ি-বর্ধমান ফ্লাইওভার (Siliguri Bardhaman Flyover) চালু হওয়ার খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন উত্তরবঙ্গের মানুষ। জানা গেছে, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এই নবনির্মিত ফ্লাইওভারটি শীঘ্রই সাধারণের জন্য খুলে দেওয়া হতে পারে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উত্তরবঙ্গ সফরেই এর আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও সরকারিভাবে এখনও কোনো ঘোষণা আসেনি।
পূর্ববর্তী সরকারের আমলে এই ফ্লাইওভারের নির্মাণ কাজ শুরু হলেও, দ্রুততার অভাবে তা আটকে ছিল। শিলিগুড়ির যানজট সমস্যা দীর্ঘদিনের। এই ফ্লাইওভার চালু হলে শহরের ট্রাফিক ব্যবস্থার আমূল পরিবর্তন আসবে এবং নিত্যযাত্রীদের ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। দ্বিতীয়বার বিধায়ক নির্বাচিত হওয়ার পর শংকর ঘোষ দ্রুত ফ্লাইওভার চালুর বিষয়ে পুলিশ কমিশনারের কাছে আবেদন জানান। এরপরই প্রশাসনিক স্তরে বিষয়টি গুরুত্ব পায় এবং ট্রায়াল রান সম্পন্ন করা হয়। ছোট গাড়ি থেকে শুরু করে বড় যানবাহন পর্যন্ত বিভিন্ন ধরনের গাড়ি চালিয়ে এই ট্রায়াল রান সফলভাবে সম্পন্ন হয়েছে। সম্প্রতি পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজার নির্দেশে ডিসিপি ট্রাফিক কাজী শামসুদ্দিন আহমেদ, এডিসিপি ট্রাফিক পূর্ণিমা শেরপা এবং গণপূর্ত দফতরের ইঞ্জিনিয়াররা ফ্লাইওভারটি বিস্তারিতভাবে পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় কোথায় ট্রাফিক সিগন্যাল বসানো হবে, কোথায় বিশেষ নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রয়োজন এবং বিকল্প রাস্তার ব্যবস্থা করা যেতে পারে কি না, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এরই মধ্যে ফ্লাইওভারের নীল-সাদা রং বদলে আপাতত পুরোটাই সাদা করে দেওয়া হয়েছে, যা নতুন সরকারের ‘রং বদল’-এর ইঙ্গিত বহন করছে। ডিসিপি ট্রাফিক জানিয়েছেন, ফ্লাইওভারটি বিস্তারিতভাবে পরিদর্শন করে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে এবং সেই রিপোর্টের ভিত্তিতেই দ্রুত সিদ্ধান্ত নিয়ে এটি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে।








