ব্যুরো নিউজ, ১৬ জুন ২০২৬ঃ প্রাক্তন ডেপুটি স্পিকার সোনালি গুহ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন, তাঁকে ‘ব্যর্থ মুখ্যমন্ত্রী’ আখ্যা দিয়েছেন। দীর্ঘ ৩২ বছরের সম্পর্ক ছিন্ন করে ২০২১ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া সোনালি গুহ জানান, টিকিট না পাওয়ার থেকেও বড় আঘাত ছিল দলনেত্রীর সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হওয়া। তাঁর অভিযোগের নিশানায় রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
সোনালি গুহর দাবি, তৃণমূলের ‘দিদিকে বলো’ কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ই তাঁকে কার্যত নিষ্ক্রিয় করে দেন। সাতগাছিয়ার বিধায়ক থাকাকালীন শওকত মোল্লাকে তাঁর পর্যবেক্ষক বসানো হয় এবং অভিষেক তাঁকে ‘রেস্ট’ নিতে বলেন। এই ঘটনা তাঁর কাছে অত্যন্ত অপমানজনক ছিল।তিনি আরও স্মরণ করেন ফলতার প্রাক্তন বিধায়ক তমোনাশ ঘোষের উপর হামলার ঘটনা, যেখানে জাহাঙ্গির খানের মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ই তমোনাশকে হেনস্থা করেছিলেন বলে তাঁর অভিযোগ। সোনালি গুহ মনে করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনও ছাত্র আন্দোলনের ইতিহাস নেই এবং তিনি ‘কোটার এমপি’। তৃণমূলের বর্তমান পরিস্থিতি নিয়েও তিনি হতাশ।
তাঁর অভিযোগ, যে দল সিপিএমের বিরুদ্ধে লড়াইয়ের মূল্যবোধ নিয়ে তৈরি হয়েছিল, তা এখন মূল্যবোধ হারিয়ে সিপিএমের হাতেই চলে গেছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মতো প্রাক্তন সিপিএম নেতাদের জোড়াফুল প্রতীকে জেতা তিনি মেনে নিতে পারেননি। সোনালি গুহ দৃঢ়ভাবে বিশ্বাস করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ই তাঁকে দল থেকে সরিয়ে দিয়েছেন। তাঁর এই বিস্ফোরক মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে।







