ব্যুরো নিউজ, ৩ জুন ২০২৬ঃ দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে দক্ষিণবঙ্গবাসীর জন্য সুখবর। প্রখর গ্রীষ্মের দাবদাহে পুড়ছে দক্ষিণবঙ্গ, বৃষ্টির জন্য হাপিত্যেশ করছেন সকলে। উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রাক-বর্ষার বৃষ্টি শুরু হলেও দক্ষিণবঙ্গ ছিল খটখটে শুকনো। তবে এবার সেই অবস্থার পরিবর্তন হতে চলেছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ অর্থাৎ বুধবার দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় আজ ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। এই জেলাগুলির জন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। বর্তমানে উত্তর-পূর্ব ও সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরের উপর একটি উর্ধ্ববায়ু ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এছাড়া পাকিস্তান থেকে পশ্চিমবঙ্গ উপকূল পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখাও আবহাওয়ায় প্রভাব ফেলছে। এই ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে আগামীকাল বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পরিমাণ এক ধাক্কায় অনেকটাই বাড়তে পারে।
অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় গরম বজায় থাকবে। বৃহস্পতিবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে, বিশেষত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় হালকা থেকে মাঝারি, এমনকি ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।








