সরকারি বালতি চুরির অভিযোগে শ্রীরামপুরে গ্রেপ্তার ২ তৃণমূল নেতা

শ্রীরামপুরে সরকারি বালতি চুরির অভিযোগে গ্রেপ্তার ২ তৃণমূল নেতা। প্রাক্তন প্রধান মোহন মণ্ডল ও বিষ্ণু মণ্ডল ধৃত। 'আমার পাড়া আমার সমাধান' প্রকল্পের বালতি উদ্ধার।

Share:

ব্যুরো নিউজ, ৬ জুন ২০২৬ঃ হুগলির শ্রীরামপুরে সরকারি প্রকল্পের বালতি চুরির অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুই তৃণমূল নেতাকে। ধৃতদের নাম মোহন মণ্ডল ও বিষ্ণু মণ্ডল। মোহন মণ্ডল রাজ্যধরপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান এবং বিষ্ণু মণ্ডল স্থানীয় তৃণমূল নেতা হিসেবে পরিচিত। পঞ্চায়েত থেকে সাধারণ মানুষের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ করা হয়েছিল এই বালতিগুলি।

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে শ্রীরামপুরের রাজ্যধরপুর পঞ্চায়েত এলাকায় শয়ে শয়ে বালতি পড়ে থাকতে দেখা যায়। বালতিগুলির গায়ে ‘আমার পাড়া আমার সমাধান’ প্রকল্পের নাম লেখা ছিল। বর্জ্য ফেলার জন্য এলাকার বাসিন্দাদের বাড়িতে এই বালতিগুলি বিতরণের কথা ছিল। কিন্তু অভিযোগ, তা করা হয়নি। রাতের অন্ধকারে বিপুল সংখ্যক বালতি পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা চমকে ওঠেন এবং শ্রীরামপুর থানায় খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। রাতেই ওইসব বালতি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। তদন্ত শুরু হওয়ার পরই প্রাক্তন প্রধান মোহন মণ্ডল ও তৃণমূল নেতা বিষ্ণু মণ্ডলকে গ্রেপ্তার করা হয়।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। এর আগেও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল নেতাদের বাড়ি বা গুদাম থেকে ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনা সামনে এসেছে। এই আবহে শ্রীরামপুরের ঘটনা শাসকদলের অস্বস্তি আরও বাড়াল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।