ব্যুরো নিউজ, ১৭ জুন ২০২৬ঃ অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজি, কাটমানি, দুর্নীতি এবং হুমকি দেওয়ার মতো একাধিক গুরুতর অভিযোগে বুধবার পুরী থেকে তাঁকে গ্রেফতার করেছে পুলিশের গুন্ডা দমন শাখা। কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছিল। এর আগে তাঁর গাড়ি চালককে বেলদার ওড়িশা সীমান্ত থেকে গ্রেফতার করা হলেও সুশান্ত নিজে এতদিন অধরা ছিলেন।
জানা গেছে, পূর্ব কলকাতার আনন্দপুর থানায় একদল ব্যবসায়ী ও হকার্স কমিটির অন্তত ১৩০ জন সদস্য সুশান্ত ঘোষ এবং তাঁর সাতজন ঘনিষ্ঠ সহযোগীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগকারীদের দাবি, বাজারে দোকান বরাদ্দ ও নির্মাণের নামে তাঁদের কাছ থেকে প্রায় তিন কোটি টাকা বেআইনিভাবে আদায় করা হয়েছে। ২০২২ থেকে ২০২৩ সালের মধ্যে নতুন করে তৈরি হওয়া টিন ও শাটার লাগানো বেশ কিছু দোকান মোটা অঙ্কের বিনিময়ে বিক্রি করা হয়েছিল বলেও অভিযোগ।
ব্যবসায়ীদের দাবি, প্রতিটি দোকান প্রায় ৬ লক্ষ টাকা করে বিক্রি করা হয়েছে, যা বাজারের নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি। অভিযোগকারীরা আরও জানিয়েছেন, দোকানের আকার অনুযায়ী আলাদা আলাদা ‘রেট’ ঠিক করে দেওয়া হয়েছিল এবং সেই অনুযায়ী টাকা দিতে বাধ্য করা হয় তাঁদের। এই গ্রেফতারির ফলে কলকাতা পুরসভার প্রাক্তন কাউন্সিলরদের মধ্যে সুশান্ত ঘোষকে নিয়ে মোট ১০ জন পুলিশের জালে এলেন।
অভিযোগকারীরা তাঁদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত টাকা তদন্তের মাধ্যমে চিহ্নিত করে ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন। সুশান্ত ঘোষের গ্রেফতারি এই ধরনের দুর্নীতির বিরুদ্ধে পুলিশের কড়া পদক্ষেপের ইঙ্গিত দিচ্ছে।








