ফুটপাথ হাঁটার জন্য, হকার উচ্ছেদ চলবেই: পুনর্বাসনের আশ্বাস মুখ্যমন্ত্রীর

হকার উচ্ছেদ চলবেই, ফুটপাথ হাঁটার জন্য: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুনর্বাসনের আশ্বাসও দিলেন তিনি। হাওড়া, শিয়ালদহ, যাদবপুর সহ বিভিন্ন এলাকায় অভিযান।

Share:

ব্যুরো নিউজ, ১২ জুন ২০২৬ঃ রাজ্যে বেআইনি হকার উচ্ছেদ অভিযান চলবেই, শুক্রবার বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে এক সাংবাদিক বৈঠকে একথা স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রের সাফল্যের এক যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, ফুটপাথ জনগণের হাঁটার জন্য, তা দখল করে ব্যবসা করার অধিকার কারও নেই। একইসঙ্গে তিনি হকারদের জন্য পুনর্বাসনের বন্দোবস্ত করার আশ্বাসও দিয়েছেন।

মুখ্যমন্ত্রী বলেন, “ফুটপাথ দিয়ে হাঁটার অধিকার জনগণের রয়েছে। সেই ফুটপাথ জবরদখল করার অধিকার কারও নেই।” তিনি আরও যোগ করেন, “নিউ মার্কেট রাস্তা দখল করে নেবেন, মোটর সাইকেলও যেতে পারবে না। রাজাবাজারটা বেহাত হয়ে যাবে। খিদিরপুর, মেটিয়াবুরুজে আপনি যা খুশি করবেন, এটার জন্য আমাকে মুখ্যমন্ত্রী করেনি পাবলিক।” তাঁর কথায়, কলকাতার মতো বড় বড় শহরে ফুটপাথ দখল করে ব্যবসা চালানোয় সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে।

সম্প্রতি হাওড়া, শিয়ালদহ স্টেশন চত্বর থেকে শুরু করে যাদবপুর, দমদম সহ বিভিন্ন এলাকায় বেআইনি হকার উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এই অভিযান নিয়ে বিভিন্ন মহলে জলঘোলা হলেও মুখ্যমন্ত্রী তাঁর অবস্থানে অনড়। তিনি জানান, যেখানে সরকারের ফাঁকা জমি রয়েছে এবং জনগণের কোনও প্রয়োজন নেই, সেখানে মানবিকভাবে হকারদের পুনর্বাসনের বিষয়টি বিবেচনা করা হবে। তবে জনবহুল এলাকায় ফুটপাথ দখল করে ব্যবসা চালানো বরদাস্ত করা হবে না। এই পদক্ষেপ শহরের যানজট কমাতেও সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।