শুভেন্দুর ‘জনতার দরবারে’ ফ্ল্যাট ফিরে পেলেন বৃদ্ধ, মুখ্যমন্ত্রীকে মিষ্টিমুখ; ‘কথা কম, কাজ বেশি’ নীতির সুফল

শুভেন্দুর 'জনতার দরবারে' ফ্ল্যাট ফিরে পেলেন ভবানীপুরের বৃদ্ধ প্রবীর মুখোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে মিষ্টিমুখ করে ধন্যবাদ জানালেন তিনি। বিধায়কের বিরুদ্ধেও অভিযোগ জমা পড়ল।

Share:

ব্যুরো নিউজ, ৩১ জুলাই ২০২৬ : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই শুভেন্দু অধিকারী তাঁর সরকারের মূলমন্ত্র ঘোষণা করেছিলেন, ‘কথা কম, কাজ বেশি’। সেই নীতির সুফল হাতেনাতে পেলেন ভবানীপুরের ৮১ বছরের বৃদ্ধ প্রবীর মুখোপাধ্যায়। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’ কর্মসূচিতে এসে তিনি নিজের হকের ফ্ল্যাট ফিরে পাওয়ার আনন্দে শুভেন্দু অধিকারীকে মিষ্টিমুখ করালেন। মুখ্যমন্ত্রীও হাসিমুখে তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করেন এবং বৃদ্ধের আনা মিষ্টি চেখে দেখেন।

গত ২৫ মে সল্টলেকে বিজেপির রাজ্য দপ্তরে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ এসেছিলেন প্রবীর মুখোপাধ্যায়। অসাধু প্রোমোটার চক্রের কবলে পড়েছিলেন তাঁর পরিবার। ভবানীপুরের ওই বৃদ্ধের অভিযোগ ছিল, প্রোমোটার জয় কামদার তাঁর ফ্ল্যাট দখল করে নিয়েছিলেন এবং তাঁকে হুমকিও দেওয়া হয়েছিল। এমনকি তাঁর মাথায় বন্দুক ঠেকানোর অভিযোগও করেন তিনি। এই অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যেই শুরু হয় প্রশাসনিক তৎপরতা। ইডি-র আধিকারিকরা প্রবীর মুখোপাধ্যায়ের ভাড়া বাড়িতে গিয়ে প্রোমোটারের সঙ্গে তাঁর চুক্তির কাগজ খতিয়ে দেখেন এবং দ্রুত পদক্ষেপ করেন। সম্প্রতি তিনি তাঁর হকের ফ্ল্যাট ফিরে পেয়েছেন।

বিচার পেয়ে প্রবীরবাবু সংবাদমাধ্যমকে বলেন, “সমস্যা থাকলে প্রত্যেকে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’–এ আসুন। আমি বিচার পেয়েছি। সকলেই জাস্টিস পাবেন।” এদিন, মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’–এ যাদবপুরের বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের বিরুদ্ধে দোকান দখলের অভিযোগও তোলেন প্রতিমা রায় নামে এক মহিলা। যদিও বিধায়ক শর্বরী দেবী সমস্ত অভিযোগ অস্বীকার করে জানান, অভিযোগকারী মহিলা সাব-টেনান্ট হিসেবে বেআইনিভাবে দোকান আটকে রেখেছেন এবং মুখ্যমন্ত্রীর উপর তাঁর সম্পূর্ণ আস্থা আছে।