“দালালরা দলটা শেষ করে দিল!” ৪০ বছরের সম্পর্ক চুকিয়ে তৃণমূল ছাড়লেন প্রাক্তন মন্ত্রী তপন দাশগুপ্ত, শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ!

প্রাক্তন মন্ত্রী তপন দাশগুপ্ত ৪০ বছরের সম্পর্ক চুকিয়ে তৃণমূল ছাড়লেন। "দালালরা দল শেষ করল" বলে অভিষেক ও আইপ্যাককে কাঠগড়ায় তুলে শুভেন্দুর প্রশংসা।

Share:

ব্যুরো নিউজ, ১৯ জুলাই ২০২৬ঃ হুগলির দাপুটে নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী তপন দাশগুপ্ত দীর্ঘ ৪০ বছরের সম্পর্ক ছিন্ন করে তৃণমূল কংগ্রেস ত্যাগ করলেন। রবিবার চুঁচুড়ায় এক জরুরি সাংবাদিক বৈঠক ডেকে তিনি দলের সমস্ত পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন। দল ছাড়ার মুহূর্তে তাঁর বিস্ফোরক মন্তব্য, “কিছু দালাল দলটাকে পুরোপুরি শেষ করে দিল!” মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পুরনো রাজনৈতিক সঙ্গী দলের বর্তমান অবস্থার জন্য সরাসরি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ভোটকুশলী সংস্থা আইপ্যাক-কে দায়ী করেছেন।

তাঁর অভিযোগ, “রাজনীতি যখন ব্যবসায় পরিণত হয়, তখন দলের এই রকমই হাল হয়।” অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভুলের কারণেই দলের এই পরিণতি বলে তিনি দাবি করেন। বিগত দু’মাস ধরে কর্মীদের সঙ্গে কথা বলেই তিনি এই বড় সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান। দল ছাড়ার পর কোনো রাখঢাক না রেখেই তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করেন। তপন দাশগুপ্ত বলেন, “শুভেন্দু অধিকারী ভালো ছেলে, ও খুব ভালো কাজ করছে।”

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে টিকিট না পাওয়া এবং তাঁর পুরনো প্রতিদ্বন্দ্বী অসিত মজুমদারকে হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি করায় তাঁর ক্ষোভ আরও বাড়ে। যদিও তিনি সক্রিয় রাজনীতিতে থাকার কথা জানিয়েছেন, তবে এই মুহূর্তে অন্য কোনো নির্দিষ্ট শিবিরে যোগদানের বিষয়ে স্পষ্ট কিছু বলেননি। রাজনৈতিক মহলে জোর জল্পনা, সুযোগ বুঝে তিনি আগামী দিনে অন্য কোনো দলে যোগ দিতে পারেন। ৪০ বছরের পুরনো এই লড়াকু নেতার দলত্যাগ নিঃসন্দেহে এই মুহূর্তে তৃণমূলের জন্য এক মস্ত বড় ধাক্কা। এটি দলের অন্দরে আরও ফাটল ধরাতে পারে বলে মনে করা হচ্ছে।