ব্যুরো নিউজ, ৩ জুন ২০২৬ঃ হাবরার বানিপুর মহিলা কলেজের এক অধ্যাপিকা সাইবার প্রতারণার শিকার হয়ে লক্ষাধিক টাকা খোয়ালেন। বিদ্যুৎ বিল সংক্রান্ত একটি ভুয়ো পিডিএফ ফাইল খুলতেই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেল মোটা অঙ্কের অর্থ। গাইঘাটা থানার ঠাকুরনগর এলাকার বাসিন্দা নন্দিনী হালদার নামে ওই শিক্ষিকা সম্প্রতি একটি রহস্যজনক ফোন পান। ফোনের অপর প্রান্ত থেকে জানানো হয়, বিদ্যুৎ বিল সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ পিডিএফ ফাইল পাঠানো হয়েছে, যা অবিলম্বে খুলে দেখতে হবে, অন্যথায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। প্রতারকদের এই ফাঁদ বুঝতে না পেরে তিনি ফাইলটি খুলে ফেলেন।
অভিযোগ, ফাইলটি খোলার সঙ্গে সঙ্গেই তাঁর মোবাইলের স্ক্রিন কালো হয়ে যায় এবং স্মার্টফোনটি সম্পূর্ণ অকেজো হয়ে পড়ে। এই আকস্মিক ঘটনায় তিনি দিশেহারা হয়ে পড়েন। কিছুক্ষণ পর তাঁর মেয়ে ফোনটি চালু করতে সক্ষম হলে সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। দেখা যায়, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট থেকে দু’দফায় মোট ১ লক্ষ ৩০ হাজার টাকা কেটে নেওয়া হয়েছে। এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন শিক্ষিকা ও তাঁর পরিবার। সঙ্গে সঙ্গেই তাঁরা ব্যাঙ্কের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করেন এবং বুঝতে পারেন যে তাঁরা ভয়াবহ সাইবার প্রতারণার শিকার হয়েছেন। এরপরই আর দেরি না করে নন্দিনী হালদার বনগাঁ সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং কীভাবে এই প্রতারণা ঘটল, কোন গ্যাং এর পিছনে রয়েছে, তা খতিয়ে দেখছে। সাম্প্রতিককালে বিদ্যুৎ বিল, কেওয়াইসি আপডেট বা লটারি জেতার নাম করে সাইবার প্রতারণার ঘটনা ক্রমশ বাড়ছে। সাইবার বিশেষজ্ঞরা সাধারণ মানুষকে এ ধরনের ভুয়ো মেসেজ বা অজানা লিঙ্কে ক্লিক করা থেকে সতর্ক থাকার এবং ব্যক্তিগত তথ্য বা ব্যাঙ্ক বিবরণী শেয়ার না করার পরামর্শ দিচ্ছেন।








