ব্যুরো নিউজ, ১৫ নভেম্বর ২০২৬: বক্সার বাঘিনির গর্ভপাতের ঘটনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। সম্প্রতি তিনটি শাবক গর্ভেই হারিয়েছে সে। প্রশ্ন উঠছে, বাঘিনিটি অন্তঃস্বত্ত্বা ছিল, তা কি বন দফতর জানত না? এক অরণ্য থেকে অন্য অরণ্যে স্থানান্তরের সময় তার শারীরিক পরীক্ষা হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
এই পরিস্থিতিতে বাঘিনির অন্তঃস্বত্ত্বা অবস্থা কীভাবে বোঝা যায় এবং অরণ্য বদলালে তার ঝুঁকি কতটা, তা নিয়ে আলোচনা জরুরি। বক্সার ওই বাঘিনিকে এনক্লোজারে রাখা হলেও সে দু’বার পালিয়ে গিয়েছে। একবার অসম থেকে ঘুমপাড়ানি গুলি দিয়ে তাকে ফিরিয়ে আনা হয়, এবারও সে সিঁদ কেটে পালিয়েছে। এই ঘটনার মধ্যেই তার গর্ভপাতের খবর সামনে আসে। বিশেষজ্ঞরা বলছেন, বাঘিনি অন্তঃস্বত্ত্বা কিনা, তা প্রথম এক মাস বোঝা কঠিন।
অবসরপ্রাপ্ত বনকর্তা প্রদীপ ব্যাসের মতে, দেড় মাস পর থেকে শারীরিক গঠন দেখে অনুমান করা যায়, এরপরই পরীক্ষা-নিরীক্ষা করা হয়। অন্তঃস্বত্ত্বা অবস্থায় বাঘিনিরা সাধারণত স্বাভাবিক জীবনযাপন করে। তারা শিকার করে এবং নিজেদের আলাদা রাখে না। প্রকৃতি তাদের সেভাবেই তৈরি করেছে। তবে, অন্তঃস্বত্ত্বা বাঘিনিকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরালে ঝুঁকি বাড়ে। প্রাক্তন বনকর্তা প্রদীপ ব্যাস আরও জানিয়েছেন, পরিবেশ বদল হলে বাঘিনির স্ট্রেস লেভেল বেড়ে যেতে পারে। কমফোর্ট জোনের বাইরে গেলে সমস্যা তৈরি হয়। এছাড়া, স্থানান্তরের সময় ঘুমপাড়ানি গুলির রাসায়নিক প্রভাবও গর্ভপাতের কারণ হতে পারে।









