তোলাবাজি, হেনস্থার অভিযোগে ধৃত তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত, ১৪ দিনের পুলিশ হেফাজত

তোলাবাজি, নির্যাতন ও হেনস্থার অভিযোগে তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত ১৪ দিনের পুলিশি হেফাজতে। বিজেপির আইনজীবী জানান, ভয়ে কেউ অভিযোগ করত না।

Share:

ব্যুরো নিউজ, ৭ জুন ২০২৬ঃ তোলবাজি, নির্যাতন এবং হেনস্থার একাধিক অভিযোগে ১৪ দিনের পুলিশি হেফাজতে পাঠানো হল ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে। রবিবার তাঁকে আলিপুর আদালতে পেশ করা হলে বিচারক এই নির্দেশ দেন। রবিবার সকালে পাটুলির ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব সভাপতি সৌরভ ঘোষকে তোলবাজির অভিযোগে গ্রেফতার করে পুলিশ। তাঁর কয়েক ঘণ্টার মধ্যেই কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকেও গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে খবর, সৌরভ ঘোষের সূত্র ধরেই বাপ্পাদিত্যকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে তোলবাজি, ভোট পরবর্তী হিংসা সহ একাধিক অভিযোগ রয়েছে। আদালত চত্বরে বিজেপির আইনজীবী জানান, ‘কাউন্সিলরের ভয়ে কেউ মুখ খুলতে পারত না। থানায় গেলে আর ফেরা যাবে না, এমন ভয় দেখানো হত। তাঁর গ্রেফতারির পর থেকেই তোলবাজি, বাড়িতে গিয়ে হেনস্থার মতো প্রচুর অভিযোগ আসছে।’ আগামী ২১ তারিখ পর্যন্ত বাপ্পাদিত্য পুলিশি হেফাজতে থাকবেন। তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হবে।

রাজনৈতিক জীবনে শুরুতে বিজেপির সঙ্গে যুক্ত থাকলেও ২০১০ সালে পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন বাপ্পাদিত্য। ২০১৫ সালে প্রথমবার এবং ২০২১ সালে দ্বিতীয়বার কাউন্সিলর নির্বাচিত হন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর তাঁর অনুগামীদের বিরুদ্ধে বিজেপি সমর্থকদের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছিল। এছাড়া বাড়ি নির্মাণের ক্ষেত্রে কাটমানি আদায়ের অভিযোগও দীর্ঘদিনের।