লোকসভাতেও তৃণমূলের ‘বিদ্রোহী ব্লক’! কাকলি ঘোষদস্তিদারই মুখ্য সচেতক পদে বহাল

লোকসভাতেও তৃণমূলের ‘বিদ্রোহী ব্লক’ গঠন! কাকলি ঘোষদস্তিদার মুখ্য সচেতক পদে বহাল। আইনি কৌশল মেনে এই পদক্ষেপ।

Share:

ব্যুরো নিউজ, ৮ জুন ২০২৬ঃ রাজনৈতিক মহলে আলোড়ন ফেলে তৃণমূলের একাংশ সাংসদ এবার লোকসভাতেও পৃথক ‘ব্লক’ গঠন করল। সোমবার কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে এক ডজন তৃণমূল সাংসদের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইনি জটিলতা এড়াতে তাঁরা এখনই বিজেপিতে যোগ দিচ্ছেন না, বরং সংসদে নিজেদের আলাদা গোষ্ঠী তৈরি করছেন। এই রণকৌশল বাংলার বিধানসভার ঘটনারই পুনরাবৃত্তি।

বিধানসভায় যেমন তৃণমূলের ৫৮ জন বিধায়ক পৃথক ‘ব্লক’ তৈরি করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নেতা নির্বাচন করেছিলেন, তেমনই এবার লোকসভাতেও এই নতুন গোষ্ঠী তৈরি হচ্ছে। যদিও এই ব্লকের কোনও একক নেতা থাকছেন না, তবে বারাসতের সাংসদ কাকলি ঘোষদস্তিদার মুখ্য সচেতক পদেই বহাল থাকছেন। জানা গিয়েছে, বিধানসভা ভোটে ভরাডুবির পর মমতা বন্দ্যোপাধ্যায় কাকলিকে সরিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে লোকসভার মুখ্য সচেতক করেছিলেন।

কিন্তু বিদ্রোহী সাংসদ ও বিজেপি শিবিরের আইনি বিশেষজ্ঞদের মতে, এই পরিবর্তনে ‘প্রক্রিয়াগত ত্রুটি’ ছিল। এই ত্রুটিকে হাতিয়ার করেই নতুন ব্লক কল্যাণের হুইপ মানবে না এবং লোকসভার স্পিকারের কাছে কাকলিকেই আসল মুখ্য সচেতক বলে দাবি জানাবে। এই পদক্ষেপের ফলে তৃণমূল শীর্ষ নেতৃত্ব এক নজিরবিহীন সাংবিধানিক সংকটের মুখে দাঁড়িয়ে। একদিকে যখন দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক চলছে, ঠিক তখনই লোকসভায় নিজেদের দলের রাশ হাতছাড়া হওয়া নিঃসন্দেহে বিজেপি-র একটি নিখুঁত চাল, যা কালীঘাটের অস্বস্তি বহুগুণ বাড়িয়ে দিয়েছে।