মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগ চেয়ে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ককরোচ জনতা পার্টির, দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি

ককরোচ জনতা পার্টি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ দাবি করেছে। অন্যথায় দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সিজেপি।

Share:

ব্যুরো নিউজ, ২৪ সেপ্টেম্বর ২০২৬:  দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। বৃহস্পতিবার দিল্লিতে এক সাংবাদিক বৈঠক থেকে সিজেপি হুঁশিয়ারি দিয়েছে, এই সময়ের মধ্যে জ্ঞানেশ পদত্যাগ না করলে দেশজুড়ে বৃহত্তর আন্দোলনে নামবে তারা। সিজেপি নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কারা এই সাংবাদিক বৈঠকে তিনটি মূল দাবি তুলে ধরেন। সিজেপি-র প্রথম দাবি, জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগ এবং তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা শুরু করা। একই সঙ্গে, জ্ঞানেশকে কে বা কারা নির্দেশ দিয়েছিলেন, তা প্রকাশ্যে আনার দাবিও জানানো হয়েছে।

দ্বিতীয়ত, সামনে যে সমস্ত নির্বাচন রয়েছে, সেগুলি স্থগিত রেখে এসআইআর প্রক্রিয়া বন্ধ করতে হবে এবং ২০২৫ সালের জানুয়ারি মাসের ভোটার তালিকা ফিরিয়ে আনতে হবে। এসআইআর-এর সিদ্ধান্তগ্রহণের প্রক্রিয়া খতিয়ে দেখতে একটি নিরপেক্ষ কমিটি গঠনের দাবিও জানিয়েছে তারা। তৃতীয়ত, ২০২৩ সালের নির্বাচন কমিশনার নিয়োগ আইন বাতিল করে নাগরিক সমাজের সক্রিয় অংশগ্রহণে একটি নতুন আইন প্রণয়ন করতে হবে। অভিজিৎ দীপকে মুখ্য নির্বাচন কমিশনারকে “সবচেয়ে বড় দেশদ্রোহী” আখ্যা দিয়ে বলেন, “তিনি দেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বিপজ্জনক। তাঁর এখনই পদত্যাগ করা উচিত।” প্রসঙ্গত, এর আগে নিট পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে এবং তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন করে সফল হয়েছিল সিজেপি। সেই আন্দোলনের জেরে শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হন। এবারও জ্ঞানেশের পদত্যাগ না হওয়া পর্যন্ত পিছু হটবে না বলে জানিয়েছে সিজেপি।

‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর একটি অন্তর্তদন্তমূলক প্রতিবেদন ঘিরে জাতীয় রাজনীতিতে তোলপাড় চলছে। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, দুই নির্বাচন কমিশনার সুখবীর সিংহ সঁধু এবং বিবেক জোশী মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে তাঁদের অন্ধকারে রেখে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ তুলেছেন। এই বিতর্কের আবহে সিজেপি-র এই আলটিমেটাম যথেষ্ট তাৎপর্যপূর্ণ।