ঋতব্রতকে সমর্থনের ‘পুরস্কার’? বীরভূমের ৫ তৃণমূল বিধায়কের নিরাপত্তা বাড়ল

বীরভূমের ৫ তৃণমূল বিধায়কের নিরাপত্তা বৃদ্ধি নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা। ঋতব্রতকে সমর্থনের ‘পুরস্কার’ নাকি অন্য কোনও কারণ?

Share:

ব্যুরো নিউজ, ৭ জুন ২০২৬ঃ রাজ্যজুড়ে যেখানে ভিআইপি নিরাপত্তা ছাঁটাই হচ্ছে, সেখানে বীরভূমের পাঁচজন তৃণমূল বিধায়কের নিরাপত্তা হঠাৎ করে বাড়ানোয় রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। জানা গেছে, সাঁইথিয়ার বিধায়ক কাজল শেখের নিরাপত্তা রক্ষীর সংখ্যা তিনজন থেকে পাঁচ করা হয়েছে। বোলপুরের প্রাক্তন মন্ত্রী চন্দ্রনাথ সিংহের দেহরক্ষীর সংখ্যা দুই থেকে চার করা হয়েছে।

একই ভাবে মুরারইয়ের মোশারফ হোসেন, নলহাটির রাজেন্দ্রপ্রসাদ সিংহ এবং নানুরের বিধান মাঝির নিরাপত্তাও উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ঘটনা তাৎপর্যপূর্ণ। কারণ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অমান্য করে ৫৮ জন তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে বেছে নিয়েছেন। বীরভূমের এই পাঁচজন বিধায়ক সেই প্রথম সারিতে ছিলেন। এই পদক্ষেপকে তাঁদের এই সিদ্ধান্তের ‘পুরস্কার’ হিসেবেই দেখছেন অনেকে।

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে বীরভূমের ১১টি আসনের মধ্যে তৃণমূল মাত্র পাঁচটি আসন জিতেছে। আর এই জয়ী পাঁচ বিধায়কই ঋতব্রতকে সমর্থনের জন্য স্বাক্ষর করেছিলেন। এই ঘটনায় তৃণমূলের অন্দরের ফাটল স্পষ্ট হয়ে উঠেছে। তবে নবান্ন বা জেলা প্রশাসনের তরফে এই নিরাপত্তা বৃদ্ধির কারণ সম্পর্কে সরকারিভাবে কিছু জানানো হয়নি।