ব্যুরো নিউজ, ৪ অক্টোবর ২০২৬: সুবর্ণ জয়ন্তী বর্ষে এক বিশেষ চমক নিয়ে হাজির হচ্ছে তুফানগঞ্জের ন্যাশনাল ক্লাব। পুজোর ৫০ বছর পূর্তি উপলক্ষে এ বছর তাদের ভাবনায় উঠে এসেছে ভগবান শ্রীকৃষ্ণের পৌরাণিক নগরী দ্বারকা। আকর্ষণীয় থিম, বৃহৎ বাজেট এবং দর্শনার্থীদের জন্য বিশেষ আয়োজনে এবারের দুর্গাপূজো উত্তরবঙ্গের পুজো মানচিত্রে নজর কাড়তে প্রস্তুত। কোচবিহার জেলার অন্যতম বিগ বাজেটের পুজোগুলির মধ্যে জায়গা করে নেওয়া ন্যাশনাল ক্লাবের এবারের পুজো ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে বাড়তি কৌতূহল।
ক্লাব সূত্রে জানা গিয়েছে, সুবর্ণ জয়ন্তী বর্ষের এই বিশেষ আয়োজনের জন্য প্রায় ৭০ লক্ষ টাকা বাজেট ধার্য করা হয়েছে। পুজোর থিম হিসেবে কৃষ্ণের দ্বারকা নগরীকে বেছে নেওয়ার মধ্য দিয়ে দর্শনার্থীদের সামনে পৌরাণিক ঐতিহ্য ও ধর্মীয় ভাবনার এক অভিনব উপস্থাপনা তুলে ধরার পরিকল্পনা রয়েছে উদ্যোক্তাদের। পাঁচ দশকের পথচলাকে স্মরণীয় করে রাখতে এ বছর পুজোর আয়োজনেও থাকছে বিশেষ গুরুত্ব। ক্লাবের অন্যতম কর্মকর্তা প্রসেনজিৎ বসাক জানান, সুবর্ণ জয়ন্তী বর্ষকে স্মরণীয় করে তুলতেই তাঁদের এই বিশেষ উদ্যোগ। তাঁদের প্রত্যাশা, কৃষ্ণের দ্বারকা নগরীকে কেন্দ্র করে তৈরি হতে চলা এই থিম দর্শকদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্র হয়ে উঠবে। শুধু তুফানগঞ্জ নয়, কোচবিহার জেলার বিভিন্ন প্রান্ত থেকেও দর্শনার্থীরা এই পুজো দেখতে ভিড় জমাবেন বলে মনে করছেন তাঁরা। উৎসবের আবহে ন্যাশনাল ক্লাবের মুকুটে আরও একটি পালক যোগ হয়েছে। নিউজ নয়াভারত মা দুর্গা সম্মান ২০২৬-এর ‘জেলার সেরার সেরা পুজো’ বিভাগে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে ন্যাশনাল ক্লাব।
সুবর্ণ জয়ন্তী বর্ষে এই স্বীকৃতি পুজো উদ্যোক্তাদের উৎসাহ আরও বাড়িয়ে দিয়েছে। সব মিলিয়ে ৭০ লক্ষ টাকার বাজেট, পৌরাণিক থিমের অভিনব ভাবনা এবং জেলার সেরার সেরা পুজোর প্রাথমিক তালিকায় জায়গা—এই তিন বিষয়কে কেন্দ্র করে এবারের দুর্গোৎসবে বিশেষ আকর্ষণ হয়ে উঠতে চলেছে তুফানগঞ্জের ন্যাশনাল ক্লাব।








