রাজ্য সরকারি চাকরিতে বয়সসীমা বৃদ্ধি: স্বস্তিতে হাজার হাজার চাকরিপ্রার্থী

রাজ্য সরকারি চাকরিতে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা বাড়াল সরকার। গ্রুপ A, B, C, D পদে নতুন নিয়ম কার্যকর। স্বস্তিতে হাজার হাজার চাকরিপ্রার্থী।

Share:

ব্যুরো নিউজ, ১৭ জুন ২০২৬ঃ রাজ্য সরকারি চাকরির অপেক্ষায় থাকা হাজার হাজার চাকরিপ্রার্থীর জন্য এল এক দারুণ সুখবর। নিয়োগ প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতার কারণে অনেকেই বয়সসীমা পেরিয়ে যাওয়ার আশঙ্কায় ভুগছিলেন। এবার সেই সমস্যা মেটাতে রাজ্য সরকার সরকারি চাকরিতে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

গত ১৬ মে রাজ্যের অর্থ দপ্তর একটি বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে, যা ‘West Bengal Services (Raising of Age-limit) Rules, 1981’-এর সংশোধনী এনেছে। সরকারের দাবি, বিগত কয়েক বছরে নিয়োগ প্রক্রিয়ায় নানা জটিলতা তৈরি হওয়ায় অনেক যোগ্য প্রার্থী সময়মতো পরীক্ষায় বসার সুযোগ পাননি। এই বিষয়টি বিবেচনা করেই বয়সসীমা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, গ্রুপ এ পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৪১ বছর করা হয়েছে (যদি না আগে থেকেই বেশি থাকে)। গ্রুপ বি পদের জন্য সর্বোচ্চ বয়সসীমা বাড়িয়ে ৪৪ বছর করা হয়েছে। সবচেয়ে বড় সুবিধা মিলেছে গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের জন্য; এই দুই বিভাগের চাকরিতে এখন সাধারণ প্রার্থীরা ৪৫ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। শুধু সরকারি দপ্তর নয়, রাজ্যের বিভিন্ন সংবিধিবদ্ধ সংস্থা এবং স্থানীয় কর্তৃপক্ষের অধীনে হওয়া নিয়োগেও এই নিয়ম কার্যকর হবে।

অর্থাৎ বিভিন্ন কর্পোরেশন, পুরসভা বা সংশ্লিষ্ট সংস্থার চাকরির ক্ষেত্রেও সাধারণ প্রার্থীরা ৪৫ বছর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এই নতুন নিয়ম ১১ মে ২০২৬ থেকে কার্যকর বলে ধরা হবে। ফলে ওই তারিখের পর প্রকাশিত বা ভবিষ্যতে প্রকাশিত সব নিয়োগ বিজ্ঞপ্তিতেই নতুন বয়সসীমার সুবিধা পাওয়া যাবে। রাজ্যের এই সিদ্ধান্তে দীর্ঘদিন ধরে প্রস্তুতি নেওয়া চাকরিপ্রার্থীরা বিশেষভাবে উপকৃত হবেন।