ব্যুরো নিউজ, ২৫ নভেম্বর ২০২৬ : বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি রুখতে এবার স্কুলস্তর থেকেই সচেতনতা গড়ে তুলতে উদ্যোগী হল পশ্চিমবঙ্গ সরকার। অল্প বয়সে বিয়ে নয়, বাল্যবিবাহমুক্ত বাংলা গড়ার লক্ষ্যে আগামী ২৭ নভেম্বর রাজ্যজুড়ে বিশেষ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই দিন রাজ্যের সমস্ত সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত এবং সরকার পোষিত স্কুলে আয়োজন করা হবে বিশেষ সমাবেশ। সেখানে বাল্যবিবাহ ও জোর করে বিয়ে দেওয়ার বিরুদ্ধে শপথ নেবেন পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা।
রাজ্য সরকারের লক্ষ্য, ছোট থেকেই শিশুদের মধ্যে বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতনতা তৈরি করা। পাশাপাশি, কোথাও বাল্যবিবাহের ঘটনা ঘটলে তার বিরুদ্ধে প্রতিবাদ করার মানসিকতা গড়ে তোলাও এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। কেন্দ্রীয় সরকারের ‘বাল বিবাহ মুক্ত ভারত’ অভিযানের অংশ হিসেবে বাংলা ও ইংরেজি, দুই ভাষাতেই শপথবাক্য পাঠানো হয়েছে স্কুলগুলিতে।
শুধু শপথগ্রহণ নয়, স্কুলে স্কুলে সচেতনতামূলক পোস্টার প্রদর্শনেরও নির্দেশ দেওয়া হয়েছে। কর্মসূচি পালনের পর ছবি ও বিস্তারিত রিপোর্ট জেলাশাসকের দফতরে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।
অন্যদিকে, বিয়ের মরশুমে বাল্যবিবাহের প্রবণতা কমাতে ১০০ দিনের বিশেষ প্রচার কর্মসূচি চালানোর পরিকল্পনাও নিয়েছে রাজ্য। অক্টোবরের শেষ থেকে ডিসেম্বর পর্যন্ত এই প্রচার চালানোর উদ্যোগ নিয়েছে নারী ও শিশু কল্যাণ দফতর। বিভিন্ন ব্লকে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো হবে।
১৮ বছরের আগে মেয়েদের বিয়ের শারীরিক, মানসিক ও সামাজিক ক্ষতিকর প্রভাব এবং বাল্যবিবাহের ক্ষেত্রে আইনি শাস্তির বিষয়েও প্রচার চালানো হবে। রাজ্যের এই প্রস্তাবে কেন্দ্রীয় সরকারও সাড়া দিয়েছে।









