ব্যুরো নিউজ, ১৭ জুন ২০২৬ঃ শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নতুন বিজেপি সরকার রাজ্যের শিল্প ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ নিতে চলেছে। বাতিল হয়ে যাওয়া ২০ হাজার কোটি টাকার শিল্প ভর্তুকি ও আর্থিক সুবিধা প্রকল্পগুলি ফেরাতে নতুন আইনের পথে হাঁটছে নবান্ন। আগামী সপ্তাহেই রাজ্যের প্রথম বাজেট পেশ হতে চলেছে, যেখানে মুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী এই বিষয়ে ঐতিহাসিক ঘোষণা করতে পারেন।
পূর্বতন তৃণমূল সরকার ২০২৫ সালের মার্চ মাসে ১৯৯৩ সাল থেকে চলে আসা সমস্ত আর্থিক সুবিধা এক ঝটকায় তুলে দেয়। সামাজিক প্রকল্পগুলির খরচ মেটাতে কোষাগার শূন্য হওয়ার যুক্তি দেওয়া হয়েছিল। এর ফলে মাঝারি ও বড় বিনিয়োগকারীদের প্রায় ২০ হাজার কোটি টাকার আর্থিক সুবিধা বাতিল হয়ে যায়, যা শিল্প মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি করে এবং লগ্নিকারীরা আদালতের দ্বারস্থ হন। বামফ্রন্ট সরকারের সময় ১৯৯৩ সালে শিল্প নীতির হাত ধরে মূলধনী বিনিয়োগে ভর্তুকি, সুদের হারে ছাড়, কর্মসংস্থান সৃষ্টিতে উৎসাহ, বিদ্যুৎ বিলের ডিউটি এবং ভ্যাট/জিএসটি-তে বিশেষ সুবিধাসহ একাধিক প্রকল্প চালু হয়েছিল।
তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরেও এই নীতি চালু রেখেছিল, কিন্তু হঠাৎই তা বাতিল করা হয়। রাজ্যে বিজেপি সরকার আসতেই দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য শিল্প লগ্নিকারীদের আস্থা ফেরাতে ইতিবাচক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছিলেন। প্রবীণ আমলা মহলের একাংশ পূর্বতন সরকারের সিদ্ধান্তকে ‘প্রমিসরি এস্টোপেল’ নীতির লঙ্ঘন বলে মনে করেন। প্রশাসনিক সূত্রে খবর, এই প্রকল্প পুনরুজ্জীবনের সম্ভাবনা একশো শতাংশ, যা রাজ্যের অর্থনৈতিক অগ্রগতিতে সহায়ক হবে।








