ব্যুরো নিউজ, ২৫ সেপ্টেম্বর ২০২৬: রাজ্যে আসন্ন পুরসভা নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি তুঙ্গে। পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশন ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে তৎপরতা শুরু করে দিয়েছে। কমিশনের তরফে ইঙ্গিত মিলেছে, নভেম্বরের শুরুতেই প্রথম দফায় রাজ্যের ৭টি পুরসভায় ভোট গ্রহণ করা হতে পারে। এই ৭টি পুরসভা হল কলকাতা, হাওড়া, বালি, কালিম্পং, কার্শিয়াং, ধূপগুড়ি এবং হলদিয়া। যদিও ভোটের চূড়ান্ত দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি, তবে প্রস্তুতি পর্বের গতি দেখে মনে হচ্ছে খুব শীঘ্রই এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি হতে পারে।
রাজ্য নির্বাচন কমিশনার কৃষ্ণা গুপ্তা সম্প্রতি জেলাশাসক এবং সংশ্লিষ্ট জেলা মিউনিসিপ্যাল ইলেকশন অফিসারদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক করেন। এই বৈঠকে পুরসভা নির্বাচনের প্রস্তুতির বিভিন্ন দিক খতিয়ে দেখা হয়। কমিশন সূত্রে খবর, ২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত ইভিএম-এর ফার্স্ট লেভেল চেকিং (FLC) সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। ১ জুলাই ২০২৬ পর্যন্ত আপডেট হওয়া ভোটার তালিকা অক্টোবরের প্রথম সপ্তাহে গ্রহণ করা হবে এবং নভেম্বরের প্রথম সপ্তাহে চূড়ান্ত তালিকা প্রকাশের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রায় ৬৩০০টি ভোটকেন্দ্রের জন্য ৩৭ হাজারেরও বেশি ভোটকর্মী প্রয়োজন হবে বলে কমিশন জানিয়েছে। প্রতিটি বুথে ১+৩ অনুপাতে ভোটকর্মী মোতায়েন করা হবে। ভোটকর্মীদের তথ্য যাচাই ও ব্যবস্থাপনার জন্য EMMS পোর্টাল ব্যবহার করা হবে। ভোটকেন্দ্রের ন্যূনতম পরিকাঠামো নিশ্চিত করতে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং স্পর্শকাতর বুথগুলিতে বিশেষ নজরদারির জন্য প্রশাসন ও পুলিশের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়ের উপর জোর দেওয়া হয়েছে। মডেল কোড অফ কন্ডাক্ট (MCC) কমিশনের প্রেস রিলিজ প্রকাশের দিন থেকেই কার্যকর হবে, তবে তা শুধুমাত্র সংশ্লিষ্ট পুরসভা এলাকাগুলিতেই প্রযোজ্য হবে।








